বেলকুচির শেরনগরে এনসিপি নেতা মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা, প্রবেশপথে আগুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
মাহিন সরকার এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
ঘটনার সময় তাঁর গ্রামের বাড়িতে অসুস্থ বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। মাহিন সরকার তখন ঢাকায় অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও তা প্রবেশপথে বিস্ফোরিত হয়। এতে বাড়িঘর বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার লিখেছেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে যাচ্ছিল, আমার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজকে রাতে সাড়ে নয়টায় আমার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।’
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ নাশকতার ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে কাজ চলছে।




