…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রায় মানা না হলে আন্তর্জাতিক বিচারব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হবে: উখিয়ায় খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রত্যাবাসনের পাশাপাশি তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত রোহিঙ্গা সমাবেশ ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে একটি দেশকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি একটি যুগান্তকারী রায়। এ ধরনের রায় আগে কখনো হয়নি।

তিনি বলেন, এই রায় প্রতিপালিত না হলে বিদ্যমান আন্তর্জাতিক বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। মিয়ানমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে, রোহিঙ্গাদের প্রতি এমন আচরণের পুনরাবৃত্তি আর কখনো হবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট এখন শুধু বাংলাদেশ কিংবা মিয়ানমারের সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় বাস্তবায়নে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করবে জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারে উদ্যোগ নেওয়া হবে।

রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, ‘আপনারা ভালো থাকবেন। আপনাদের এই সংগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন। পৃথিবী আপনাদের পক্ষে এসেছে, সারা দুনিয়া আপনাদের পক্ষে আছে। আপনারা অবশ্যই নিজ বাসভূমিতে ফিরে যাবেন। এই সমস্যার সমাধান যেন আমরা করতে পারি, সে জন্য সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ভুলে গেলে চলবে না। নিউইয়র্কে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের দুঃখ-কষ্টের কথা স্বীকার করে নিয়েছে।

এর আগে শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় এবং রোহিঙ্গাদের প্রত্যাশা ও উদ্বেগের বিষয়ে সরাসরি তাদের কথা শোনেন ড. খলিলুর রহমান।

সফরকালে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরদিনই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

এর আগে বৃহস্পতিবার কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সংবাদ সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
জাতীয়

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। অভিযা…

জাতীয়

আইসিজের রায়ের পর প্রত্যাবাসনে নতুন কূটনীতি, ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ মালয়েশিয়ার

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রত্যাবাসন নিয়ে নতুন কূটনৈতিক ত…

রামুর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ, অরক্ষিত ক্রসিংয়ে গেট বসানো নিয়ে তদন্তের নির্দেশ
জাতীয়

রামুর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ, অরক্ষিত ক্রসিংয়ে গেট বসানো নিয়ে তদন্তের নির্দেশ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকায় ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকা…

জাতীয়

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার একই পরিবারের চারজন নিহত, আহত তিন

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন…