…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু অর্থায়নে বাধ্যতামূলক আইনি দায় চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা, আন্তালিয়ায় কাঠামোর প্রস্তাব বাংলাদেশের আইনজীবী রওমান স্মিতার

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু অর্থায়নে স্বেচ্ছামূলক প্রতিশ্রুতির পরিবর্তে আইনগতভাবে বাধ্যতামূলক দায়বদ্ধতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন গ্লোবাল সাউথের বিভিন্ন দেশের জলবায়ু অধিকারকর্মী, নীতিনির্ধারক ও প্রতিনিধিরা। তাঁদের মতে, ঐতিহাসিক ও ক্রমপুঞ্জীভূত কার্বন নিঃসরণের ভিত্তিতে উন্নত দেশগুলোর আর্থিক দায় নির্ধারণ করতে হবে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে ১৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটির (জিএলটিএস) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রওমান স্মিতা জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে ‘লিগ্যালি বাইন্ডিং ক্লাইমেট ফাইন্যান্স রেসপনসিবিলিটি ফ্রেমওয়ার্ক’ প্রণয়নের প্রস্তাব দেন।

প্রস্তাবিত কাঠামোয় প্রতিটি দেশের জলবায়ু অর্থায়নে আর্থিক দায় নির্ধারণের জন্য একটি স্বচ্ছ, ন্যায়সংগত ও বৈজ্ঞানিক সূত্র ব্যবহারের কথা বলা হয়েছে। এতে বিবেচনায় নেওয়া হবে দেশগুলোর ঐতিহাসিক ও ক্রমপুঞ্জীভূত কার্বন নিঃসরণ, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বর্তমান অবদান এবং অর্থনৈতিক সক্ষমতা। এ ক্ষেত্রে জাতিসংঘের জলবায়ু কাঠামোতে স্বীকৃত ‘সাধারণ কিন্তু পৃথকীকৃত দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’ (সিবিডিআর-আরসি) নীতিকে ভিত্তি হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে।

রওমান স্মিতার মতে, আন্তর্জাতিক জলবায়ু ব্যবস্থায় বড় ধরনের একটি সীমাবদ্ধতা রয়েছে — ঐতিহাসিক ও বর্তমান সময়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর জন্য সুনির্দিষ্ট আর্থিক দায় নির্ধারণ এবং তা কার্যকর করার মতো সমন্বিত ও বাধ্যতামূলক ব্যবস্থা এখনো নেই।

প্রস্তাবে আরও রয়েছে দেশগুলোর জন্য আইনগতভাবে নির্ধারিত আর্থিক অবদান, অর্থ পরিশোধের বাধ্যতামূলক সময়সূচি, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন এবং স্বাধীন আন্তর্জাতিক পরিবীক্ষণ ও জবাবদিহি ব্যবস্থা প্রতিষ্ঠা। নির্ধারিত দায় পালনে ব্যর্থ হলে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

জলবায়ু অর্থায়ন যাতে প্রকৃত অর্থেই ঝুঁকিপূর্ণ দেশ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। অভিযোজন, প্রশমন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় (লস অ্যান্ড ড্যামেজ) এই অর্থ ব্যবহারের প্রস্তাব করেছেন বক্তারা।

সংবাদ সম্মেলনে রওমান স্মিতা বলেন, জলবায়ু সংকটে যেসব দেশের অবদান সবচেয়ে কম, তাদের ওপর যেন সবচেয়ে বেশি আর্থিক ও মানবিক বোঝা চাপিয়ে দেওয়া না হয়। তিনি বলেন, জলবায়ু অর্থায়ন আর স্বেচ্ছামূলক প্রতিশ্রুতি ও রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল থাকতে পারে না; এটিকে সুস্পষ্ট আইনগত দায়বদ্ধতায় রূপ দিতে হবে।

তিনি ইউএনএফসিসিসি ও এর সদস্যদেশগুলোর প্রতি বিদ্যমান জলবায়ু চুক্তি এবং প্যারিস চুক্তির বাধ্যবাধকতার ভিত্তিতে একটি নতুন আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক প্রটোকল বা চুক্তি প্রণয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা অনুদান নয়। এটি একটি আইনগত দায়বদ্ধতা।’

সংবাদ সম্মেলনে ‘সাউথ-সাউথ কনফ্লুয়েন্স: গ্লোবাল সাউথ সলিউশনস ফর ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক উদ্যোগের লক্ষ্য ও কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্লোবাল সাউথের দেশগুলোর সম্মিলিত নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সমতাভিত্তিক সমাধান এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এতে আরও বক্তব্য দেন প্যান-আফ্রিকান ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্সের হেড অব প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ চার্লস মওয়াঙ্গি, জেনারেশন গ্রিনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডেসটিনি হজেস, সাউথ-সাউথ কনফ্লুয়েন্সের অ্যাডভোকেসি ম্যানেজার ইসাডোরা গোমেজ এবং ব্রাজিলের প্রেসিডেন্সির জেনারেল সেক্রেটারিয়েটের উপদেষ্টা মিলা দেজান। বক্তারা জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা, নীতিগত উদ্যোগ এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জিএলটিএস ও সাউথ-সাউথ কনফ্লুয়েন্সের এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো করা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানো এবং আইনগত দায়বদ্ধতার ভিত্তিতে ন্যায়সংগত জলবায়ু অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করার কথা জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা

বরিশাল নগরীর সাগরদী খালের বড় অংশ কীর্তনখোলা নদী খননের পলিতে ভরাট হচ্ছে। মাত্র তিন বছর আগে খনন করা এই খাল স্থানীয়দের গোসল, গৃহস্থালির কাজ ও বৃষ্টির প…

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা
আবহাওয়া ও পরিবেশ

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু দেশগুলো নতুন কোনো চুক্তিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। নির্ধারিত সময়…

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া
আবহাওয়া ও পরিবেশ

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া

সপ্তাহের শুরুতে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহ…

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র
আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র

বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়। সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলা…