…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর সাগরদী খালের বড় অংশ কীর্তনখোলা নদী খননের পলিতে ভরাট হচ্ছে। মাত্র তিন বছর আগে খনন করা এই খাল স্থানীয়দের গোসল, গৃহস্থালির কাজ ও বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম ভরসা।

পলি জমে খালটি হারিয়ে গেলে পানির উৎস বন্ধ হওয়ার পাশাপাশি এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন বাসিন্দারা। অথচ পলি উপচে খাল ভরাট হওয়ার বিষয়টি জানতেন না বলে দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

জানা গেছে, খালের অদূরে কীর্তনখোলা নদীর নাব্যতা সংরক্ষণে খননকাজ চলছে। কমপক্ষে ১৫ দিন আগে খননকাজ শুরু হয়। খনন করা পলি তীরে ফেলায় তা গড়িয়ে সংলগ্ন খালে পড়ছে। পাউবোর কাছ থেকে অনুমতি নিয়েই বিআইডব্লিউটিএ সেখানে বালু ফেলছে।

স্থানীয়রা জানান, সাগরদী খালটি ধান গবেষণা সড়কের জিয়ানগর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বরিশাল-কুয়াকাটা সড়কের দপদপিয়া সেতু এলাকায় পৌঁছে কীর্তনখোলার সঙ্গে মিশে ছিল। বহু বছর আগে ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলার সঙ্গে সাগরদী খালের আরেকটি উৎসমুখের সৃষ্টি হয়।

এরপর খ্রিষ্টান কলোনি এলাকায় বাঁধ দিয়ে জিয়ানগর এলাকামুখী চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। তবে সেখান থেকে দপদপিয়া সেতু পর্যন্ত দুই কিলোমিটার এখনো খাল বিদ্যমান। দুই কিলোমিটারের এই অংশে জোয়ার-ভাটা হয়। স্থানীয়রা গোসলসহ গৃহস্থালির কাজে খালের পানি ব্যবহার করেন।

বাসিন্দারা জানান, কীর্তনখোলা নদী রক্ষায় সেতু এলাকায় বিআইডব্লিউটিএর খননকাজ চলছে। খনন শুরুর আগে উত্তোলিত পলি রাখার জন্য পাউবোর কাছে নিচু ও খালি জমির তালিকা চায় বিআইডব্লিউটিএ। পাউবো থেকে পরে কয়েকটি স্থানের তালিকা দেওয়া হয়েছিল।

বিআইডব্লিউটিএ চরবাড়ি খ্রিষ্টানপাড়াসংলগ্ন একটি নিচু স্থান বেছে নিয়ে সেখানে পলি ফেলা শুরু করেছে। পানির সঙ্গে পলি ওই স্থানসংলগ্ন খালে গড়িয়ে পড়ায় খালটির বিভিন্ন অংশ ভরাট হয়ে চরের মতো জেগে উঠেছে।

খালপাড়ের প্রবীণ বাসিন্দা নুরুল হক মিঞা বলেন, ‘খালটি ভরাট হয়ে যাওয়া আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। ২০২৪ সালে আমাদের বাড়ির সামনের রাস্তা ভেঙে যাওয়ার পর খালটি খনন করা হয়েছিল। এরপর খালে ভালো পানি থাকত। খরা মৌসুমে নিজের ছোট সবজির বাগানে পানি দিতে সুবিধা হতো।’

নুরুল হক মিঞা আরও বলেন, এই খাল দিয়েই পুরো জিয়ানগর এলাকার বৃষ্টির পানি নেমে যায়। অনেক বাসিন্দা খালের পানির ওপর নির্ভরশীল। এভাবে খাল ভরাট হয়ে গেলে বৃষ্টির পানি নামার জায়গা থাকবে না। এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে। পাশাপাশি বাড়িঘরের ব্যবহৃত পানিও নিষ্কাশনের পথ হারাবে।

আরেক বাসিন্দা ফাইজুল ইসলাম বলেন, এই খালটি তাঁদের কাছে আবেগের জায়গা। ছোটবেলা থেকেই খালটি দেখে বড় হয়েছেন। একসময় নৌকা চলত, মানুষ গোসল করত, দৈনন্দিন নানা কাজে খালের পানি ব্যবহার করত। বর্তমানে আগের মতো ব্যবহার না থাকলেও নিয়মিত জোয়ার-ভাটা হয়। এলাকার পানি নিষ্কাশনে খালটির গুরুত্ব রয়েছে। খালটি ভরাট হয়ে গেলে এলাকার মানুষের ভোগান্তি বাড়বে।

এ বিষয়ে বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, নদী খননের পলি ফেলার জন্য সম্প্রতি বিআইডব্লিউটিএ তাঁদের কাছে নিচু ও খালি জমির তালিকা চেয়েছিল। তালিকায় চরবাড়ি খ্রিষ্টানপাড়ার পাশের জায়গাটিও রয়েছে। তবে সেখানে রাখা পলি উপচে পড়ে খাল ভরাট হওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। স্থানীয়দের কাছ থেকে জানার পর তিনি বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, নদীর পুরো অংশ খনন নয়, সাইলোতে জাহাজ নোঙরের পথ স্বাভাবিক রাখতে ওই অংশটি খনন করা হচ্ছে। খননের পলি রাখার জন্য পাউবোর দেওয়া নিচু ও খালি জমি ব্যবহার করা হচ্ছে। ওই জায়গা থেকে অতিরিক্ত পানি বের হওয়ার জন্য পাইপ দেওয়া আছে। পাইপটি নিচু অবস্থানে থাকায় পানির সঙ্গে পলি খালে চলে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

ঢাকাসহ ১২ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সংকেত
আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ ১২ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নৌবন্দরে ১ নম্বর সংকেত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। আজ শনিবার বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা থাকলেও ঢাকাসহ মধ্য ও দক্ষিণের বড়…

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা
আবহাওয়া ও পরিবেশ

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু দেশগুলো নতুন কোনো চুক্তিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। নির্ধারিত সময়…

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া
আবহাওয়া ও পরিবেশ

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া

সপ্তাহের শুরুতে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহ…

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র
আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র

বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়। সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলা…