নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর হোসেন নিহত

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের নিচ মহানগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সকালে মোটরসাইকেলে চৌবাড়িয়া বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সাগরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


