ডার্ক ম্যাটারের জন্য আলাদা পর্যায় সারণির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা

ডার্ক ম্যাটার এমন এক রহস্যময় বস্তু, যা দৃশ্যমান সাধারণ পদার্থের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ মহাকর্ষ বল তৈরি করে। এই অদৃশ্য বস্তু আসলে কী, তা কেউ জানে না, তবে এ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে।
মহাকর্ষীয় প্রভাবের ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বে সাধারণ পদার্থের তুলনায় ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি। পরিমাণে এই বিশাল উপস্থিতির কারণেই এর জন্য আলাদা পর্যায় সারণি তৈরির প্রস্তাব এসেছে।
প্রস্তাবটি দিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের বিজ্ঞানী পুয়া আসাদির নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও কানাডার একদল বিজ্ঞানী।
প্রিপ্রিন্ট সার্ভার আর্কাইভে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, দৃশ্যমান ও অদৃশ্য জগৎ মহাকর্ষ ছাড়াও অন্য কোনোভাবে যুক্ত থাকতে পারে। সে কারণে ডার্ক ম্যাটারের জন্য প্রস্তাবিত পর্যায় সারণিটি হবে সাধারণ মৌলের পর্যায় সারণির প্রতিরূপ।
বিজ্ঞানীদের মতে, নতুন এই পর্যায় সারণি সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটারের অনুপাত ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে।
সাধারণ পদার্থের চেয়ে পাঁচ গুণ বেশি ডার্ক ম্যাটার থাকা অনেক বড় পার্থক্য মনে হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, প্রকৃতপক্ষে এই দুই পদার্থ আশ্চর্যজনকভাবে কাছাকাছি অবস্থানে রয়েছে; বিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাটার কোইনসিডেন্স প্রবলেম’ বা পদার্থের কাকতালীয় সমস্যা নামে পরিচিত।
দুটি পদার্থ কোনোভাবে সম্পর্কিত হলে এই মিল আর কাকতালীয় থাকবে না; বিজ্ঞানীদের ভাষ্য, এটি তাদের অভিন্ন উৎপত্তির স্বাভাবিক পরিণতি হতে পারে। দুটি ভিন্ন জগতের শক্তির ঘনত্ব মাত্র কয়েক গুণের ব্যবধানে শেষ হওয়া তাঁদের কাছে দৃশ্যমান ও ডার্ক ম্যাটারের প্রাচুর্যের একটি সাধারণ উৎসের দিকে ইঙ্গিত করে।
তবে এখানে একটি সমস্যার কথাও বলেছেন বিজ্ঞানীরা। বহুল আলোচিত ডার্ক ম্যাটারের অধিকাংশ সম্ভাব্য কণা খুব সরল এবং এখনো সেগুলোকে একটি মাত্র নির্দিষ্ট ধরনের কণা হিসেবে ধরা হয়। প্রাচুর্যের এই সাদৃশ্য ব্যাখ্যা করতে হলে আরও জটিল উপাদানের প্রয়োজন হতে পারে বলে তাঁদের মত।
একটি সম্ভাবনা হিসেবে বিজ্ঞানীরা বলছেন, ডার্ক ম্যাটার কেবল একটি রহস্যময় কণা নাও হতে পারে; এটি কণা ও বলের সমন্বয়ে তৈরি হতে পারে এবং পরিচিত পদার্থের একধরনের প্রতিবিম্ব বা মিরর ইমেজ হতে পারে।
বিজ্ঞানীদের বিশ্লেষণ করা তথ্য অনুযায়ী, ডার্ক নিউট্রন সাধারণ প্রোটনের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ভারী এবং ডার্ক ম্যাটারের অধিকাংশই এই ডার্ক নিউট্রন দিয়ে গঠিত। আদিম মহাবিশ্বে উভয় কণা প্রায় সমান সংখ্যায় তৈরি হয়ে থাকলে ফলাফলে পাঁচ গুণ বেশি ডার্ক ম্যাটার পাওয়া যাবে।
মিরর টুইন হিগস তত্ত্বে সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটার সম্পূর্ণ স্বাধীন নয়; এরা একটি গাণিতিক প্রতিসাম্য দিয়ে যুক্ত। এই প্রতিসাম্য উভয় জগতের কণা ও বলের বৈশিষ্ট্যগুলোকে সম্পর্কিত করে, ফলে প্রতিটি জগতের আপেক্ষিক ভরও একে অপরের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে বিজ্ঞানীরা জানান।



