নরসিংদীর পলাশ ও বেলাবোতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা হামলা, বড় ক্ষতি হয়নি
নরসিংদী জেলায় গ্রামীণ ব্যাংকের দুটি পৃথক শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর শাখা এবং বেলাবো উপজেলার গাংকুলপাড়া শাখায় এ হামলার ঘটনা ঘটে। আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর শাখায় হামলাটি ঘটে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে। কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, তিনি ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ ও পোড়া গন্ধ পেয়ে বাইরে এসে আগুন দেখতে পান। পরে তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের কর্মকর্তাদের ডেকে পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় ভেতরের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বাড়াচর শাখার ব্যবস্থাপক সুমি।
জিনারদী শাখায় হামলার বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ব্যাংক লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। এর মধ্যে একটিতে সামান্য আগুন জ্বললেও অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ওসি শাহেদ আল মামুন আরও জানান, ইন্টারনেটে এ ঘটনা নিয়ে যে ভিডিও ছড়ানো হয়েছে, তা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি এবং বাস্তবে সেখানে এমন ভয়াবহ কিছু ঘটেনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একই রাতে আনুমানিক রাত ৩টার দিকে বেলাবো উপজেলার গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংক শাখায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে।
গাংকুলপাড়া শাখার ব্যবস্থাপক মো. নাজমুল আলম জানান, তিনি ভবনের ওপরের তলায় অবস্থান করছিলেন এবং দুর্বৃত্তরা আগুন ছুড়ে মারার পরপরই তিনি বিষয়টি টের পান। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কার্যালয়ের নিচে থাকা একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। তবে ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতি হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।
বেলাবোর ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সরল মরমু জানান, গভীর রাতে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে, তা এখনো জানা যায়নি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতার চেষ্টা চালিয়েছে, তা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

