লস অ্যাঞ্জেলেসের কাছে ভোররাতে ৪.৪ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর মেলেনি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এলাকায় শুক্রবার ভোররাতে ৪.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার কমার্সের কাছে। স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০.৫ মাইল।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতারও কোনো খবর মেলেনি বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস এলাকার বড় অংশজুড়ে কম্পনটি অনুভূত হয়েছে।




