মেনোপজের পর বাড়তি উদ্বেগ কেন হয়, কী করণীয় জানালেন বিশেষজ্ঞরা

মেনোপজ বা রজোনিবৃত্তি নারীদের জীবনের একটি স্বাভাবিক ও অবশ্যম্ভাবী অধ্যায়। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এই পরিবর্তন দেখা যায়। মাসিকের শুরু যেমন একজন কিশোরীর জীবনে বড় পরিবর্তন, মেনোপজও নারীজীবনের আরেকটি স্বাভাবিক ধাপ।
হরমোনের পরিবর্তনের কারণে এই সময়ে নারীদের মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব পড়ে। অনেকেই হঠাৎ করে অতিরিক্ত উদ্বেগ, খিটখিটে মেজাজ, এমনকি তীব্র দুশ্চিন্তায় ভুগে থাকেন।
মেনোপজের সময় উদ্বেগের পেছনে বেশ কিছু শারীরিক ও সামাজিক কারণ জড়িত থাকে। এ সময় শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা দ্রুত কমতে শুরু করে। এই হরমোনগুলো মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণকারী উপাদান সেরোটোনিনকে প্রভাবিত করে, যা মানসিক অস্থিরতা বাড়ায়।
‘হট ফ্ল্যাশ’—শরীরে হঠাৎ তীব্র গরম লাগা—এবং রাতে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে নিয়মিত ঘুম ভেঙে যায়। পর্যাপ্ত ঘুমের অভাব সরাসরি দুশ্চিন্তা ও মানসিক চাপ বাড়িয়ে দেয়।
এই বয়সে সন্তানরা বড় হয়ে দূরে চলে যাওয়া বা ক্যারিয়ারের পরিবর্তনের কারণে অনেকে একাকিত্বে ভোগেন। শরীরের গঠন পরিবর্তন, ওজন বৃদ্ধি ও ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ থেকে আত্মবিশ্বাসের ঘাটতিও তৈরি হয়।
এই উদ্বেগ সামলাতে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন বা যোগব্যায়াম করলে মন শান্ত থাকে বলে জানানো হয়েছে।
পুষ্টিকর খাবার খাওয়া, চিনি ও ক্যাফেইন—চা ও কফি—কম গ্রহণ এবং হালকা হাঁটার অভ্যাস শরীর ও মন দুটোই চাঙা রাখে। নিজের শখ চর্চা করা এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটালেও মানসিক চাপ কমে।
মেনোপজের এই সংবেদনশীল সময়ে পরিবারের সদস্যদের সহানুভূতিশীল ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। তাঁর মেজাজের পরিবর্তনকে অবহেলা না করে ধৈর্য ধরে কথা শুনতে হবে এবং তিনি যা অনুভব করছেন, তা অস্বাভাবিক কিছু নয়—এই আশ্বাস দিতে হবে।
শারীরিক ক্লান্তি ও অস্বস্তির দিনে ঘরের কাজে তাঁকে সাহায্য করতে হবে, যেন তিনি পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান। কোনো কারণে মেজাজ খিটখিটে হলে তা ব্যক্তিগতভাবে না নিয়ে পরিস্থিতিটিকে হরমোনজনিত পরিবর্তনের ফল হিসেবে বিবেচনা করতে হবে।
উদ্বেগ বা শারীরিক লক্ষণগুলো অতিরিক্ত বেড়ে গেলে লজ্জিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।



