ঢাকায় সনির নতুন প্রজন্মের ব্রাভিয়া টিভি ও হোম অডিও উন্মোচন

বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড সনি। গত বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পণ্যগুলো দেখানো হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার বিপণনের প্রধান ইয়াপ ইয়াং। এ সময় উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক ও আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি পণ্য বিপণন ব্যবস্থাপক মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিরা।
সনি জানায়, ঘরে বসে সিনেমা হলের মতো ছবি ও শব্দের অভিজ্ঞতা দিতে ‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনা থেকে পণ্যগুলো তৈরি করা হয়েছে।
নতুন পণ্যের তালিকায় আছে ‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’, যা ৮৫ ও ১১৫ ইঞ্চি আকারে পাওয়া যাবে। দেশের বাজারে এই প্রযুক্তি প্রথমবারের মতো এল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আরও এসেছে গুগল টিভি সিরিজের ‘ব্রাভিয়া ৩ মার্ক টু’, যা ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত সাতটি আকারে মিলবে।
এর পাশাপাশি উন্মোচন করা হয়েছে তিন স্পিকারের তারহীন হোম থিয়েটার ব্যবস্থা ‘ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো’।
বাংলাদেশে সনির অনুমোদিত পরিবেশক সনি স্মার্ট ও সনি র্যাংগসের বিক্রয়কেন্দ্রে পণ্যগুলো পাওয়া যাবে। এসব পণ্যের দাম ও বিক্রি শুরুর তারিখ খুব শিগগির ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।



