গোপালগঞ্জে হাসপাতালে হামলাকে যুদ্ধাপরাধ বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
গোপালগঞ্জের একটি হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
মো. সুজাউদ্দৌলার ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের ওই হাসপাতালে রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবারই ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে সুজন মাহমুদ বলেন, গাজার মতো যুদ্ধক্ষেত্রে হাসপাতালে হামলার ঘটনা দেখা গেছে। আওয়ামী লীগও কি সেই পথে এগোতে চাইছে? এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। তাঁর ভাষ্য, ইতোমধ্যে তারা সেই অপরাধ করে ফেলেছে।
পোস্টে তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলে এ সুরক্ষার বিধান রয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পোস্টে উল্লেখ করেন, হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। হাসপাতালে হামলা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে।
এমন ঘটনায় দায়ীদের শনাক্ত, নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে বলেও পোস্টে মন্তব্য করেন সুজন মাহমুদ।

