কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু, এক বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধের ঘটনায় ইফতি সাবা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
ডা. সুলতান মাহমুদ আরও জানান, মৃত সাবার ছেলে আরিস রহমান মাহাদের শরীরের ৫৭ শতাংশ, সাবার স্বামী মানিকের ৬ শতাংশ, এ ছাড়া সানজিদার ৩৭ শতাংশ ও তাঁর মা শামসুন্নাহারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। শিশু মাহাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ মানিক জানান, চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে বাসার ভেতর বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভাঙে, সঙ্গে সঙ্গে তাঁর শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও ঝলসে যায়। তখন বাচ্চাকে নিয়ে দৌড়ে রুম থেকে বাইরে বের হন তিনি। একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তাঁর স্ত্রী ও পাশের রুমের মা-মেয়ে।
মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করা হয়। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখেছিল বা লিক ছিল। সেখান থেকেই সারা রাত গ্যাস বের হয়েছে। সকালে তাঁর স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তবে তার আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরাই দগ্ধদের হাসপাতালে নিয়ে গেছেন।
এসআই শামসুল হক সুমন বলেন, বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা-জানালা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


