ইথিওপিয়ার আরসিতে গির্জায় হামলায় অন্তত ৩৪ জন নিহত, উদ্বেগ মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যানের

ইথিওপিয়ার আরসি অঞ্চলের একটি গ্রামে হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইথিওপীয় অর্থোডক্স খ্রিষ্টান বলে জানা গেছে। চলতি মাসের শুরুতে দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই গ্রামে হামলাটি হয়।
মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জিম রিশ আফ্রিকায় খ্রিষ্টানদের হত্যার চলমান ধারাকে ‘ভয়াবহ প্রবণতা’ বলে সতর্ক করেছেন। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক বিবৃতিতে আইডাহোর সিনেটর রিশ বলেন, ‘ইথিওপিয়ায় খ্রিষ্টানদের ওপর হামলা একটি ভয়াবহ প্রবণতা। ইথিওপিয়ার অস্থিরতা ও সহিংসতার পরিণতি ইথিওপীয় বেসামরিক নাগরিক, অঞ্চলটি এবং আমেরিকার স্বার্থের জন্য গুরুতর।’
নির্যাতিত খ্রিষ্টানদের সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থা ওপেন ডোরসের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড শাখা ফক্স নিউজ ডিজিটালকে জানিয়েছে, ওই এলাকায় ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, নভেম্বরের এই হামলার মাত্র দুই সপ্তাহ আগেই প্রায় ৬০ জন অর্থোডক্স খ্রিষ্টান নিহত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, আরসি অঞ্চলে হত্যাকাণ্ডের প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। মুখপাত্র বলেন, ‘ইথিওপিয়ায় বেসামরিক নাগরিক হত্যার প্রতিবেদন পদক্ষেপ দাবি করে। আমরা স্বাধীন তদন্ত ও জবাবদিহির আহ্বান জানাই।’
আদ্দিস স্ট্যান্ডার্ড অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোবে জেলার এনদেতো এলাকায় সেন্ট মেরি গির্জার প্রধান প্রবেশদ্বারে বন্দুকধারীরা ‘আত্মসমর্পণ করো’ বলে চিৎকার করে গুলি চালায়। সেখানে উপস্থিত প্রার্থনাকারীরা ছিলেন ইথিওপীয় অর্থোডক্স তেওয়াহেদো গির্জার অনুসারী।
একই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রদায়ের সদস্যদের রক্ষায় স্থানীয় নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালান; নিহতদের মধ্যে তাঁরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এনদেতোর এক বাসিন্দা আদ্দিস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘এখনই যদি জিজ্ঞেস করেন, এখানে থাকার কোনো আশা আমার নেই, কারণ দীর্ঘমেয়াদে বেঁচে থাকতে হলে আমি পালিয়ে যাওয়াকেই বেছে নেব।’
হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। গত মাসের একটি হামলার জন্য স্থানীয়ভাবে ওরোমো লিবারেশন আর্মিকে দায়ী করা হয়েছে, যাকে ইথিওপিয়ায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর ইথিওপিয়া সরকারের ২০০৭ সালের আদমশুমারির তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, দেশটির জনসংখ্যার ৬৩ শতাংশ খ্রিষ্টান। তবে একজন স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় নিহতদের মধ্যে তিনজন ছিলেন মুসলিম।
খ্রিষ্টানদের ওপর নির্যাতনের দিক থেকে ওপেন ডোরসের ‘ওয়ার্ল্ড ওয়াচ লিস্ট’-এ ইথিওপিয়ার অবস্থান ৩৬তম। সংস্থাটি এক বিবৃতিতে অর্থোডক্স খ্রিষ্টানদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে ইথিওপিয়া সরকারকে এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা থেকে ঝুঁকিতে থাকা বেসামরিক নাগরিকদের রক্ষায় সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের জীবন পুনর্গঠনে সহায়তার কথাও বলা হয়েছে।
ওপেন ডোরসের তথ্য অনুযায়ী, এলাকাটিতে সাম্প্রতিক হামলা শুরু হয় ২০২৫ সালে, সে বছর ২৫ জন নিহত হন। এ বছর হামলা আরও বেড়েছে: ফেব্রুয়ারিতে পূর্ব আরসিতে একটি গির্জা ও একটি বাজারে হামলায় ২০ জনের বেশি অর্থোডক্স খ্রিষ্টান এবং একজন মুসলিম প্রহরী নিহত হন; মার্চে পূর্ব আরসি অঞ্চলে ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়; মে মাসে ১০১ বছরের পুরোনো তেলেতা হোলি গ্যাব্রিয়েল গির্জা ধ্বংস করা হয় এবং একাধিক হামলায় ৫০ জন নিহত হন; অক্টোবরে গোরা সিঙ্গোতে ১৪ জন এবং আরসি অঞ্চলে একাধিক হামলায় ৪৬ জন নিহত হন।
অক্টোবরের হামলাগুলোর পর ইথিওপিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরভিন জে মাসিঙ্গা লিখেছিলেন, ‘যেকোনো গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের ভয়াবহ হামলা বন্ধ হতেই হবে।’ নভেম্বরে এনদেতোতে অন্তত ৩৪ জন নিহত হন।
সিনেটর রিশ আরও বলেন, দীর্ঘদিনের অভিযোগ-অসন্তোষের সমাধান করে টেকসই শান্তি এগিয়ে নেওয়ার মতো করে নিজেদের অভ্যন্তরীণ বিষয় পরিচালনার পথ ইথিওপিয়াকে খুঁজে বের করতেই হবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ইরিত্রিয়া সীমান্ত এলাকাসহ দেশটির কয়েকটি অঞ্চলে চলমান লড়াই উদ্বেগের বিষয়; সব পক্ষকে বেসামরিক নাগরিকদের রক্ষা এবং সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজ ডিজিটাল ইথিওপিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।




