…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি আদিবাসী ফোরামের

নিজস্ব প্রতিবেদক
সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি আদিবাসী ফোরামের
ছবি: সংগৃহীত

সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। আজ শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম এবং নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

স্বাগত বক্তব্যে সঞ্জীব দ্রং বলেন, ২৫ বছর ধরে বাংলাদেশ আদিবাসী ফোরাম আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রাম করছে এবং এতে অনেক প্রগতিশীল বাঙালিও যুক্ত হয়েছেন। হতাশ না হয়ে আদিবাসী তরুণদের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাঙালি ও আদিবাসীদের মিলে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতে হবে।

সম্মেলনে সংগঠনের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার লিখিত বক্তব্য পাঠ করেন তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীরা ভূমি হারানো, উচ্ছেদ আতঙ্ক, মিথ্যা মামলা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৯ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।

আলোচনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আদিবাসীদের অধিকার হরণের পেছনে ক্ষমতার অপব্যবহার এবং আমলাতান্ত্রিক, রাষ্ট্রীয় ও সামরিক দুর্নীতি কাজ করেছে। সংবিধানে আদিবাসী শব্দ বলার সুযোগ না থাকলে অধিকার আদায়ে আন্দোলন আরও জোরদার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, নির্বাচনী ইশতেহারে ‘রেইনবো নেশন’ গড়ার কথা বলা হলেও বাস্তবে সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা যায়নি। পার্বত্য চুক্তি বাস্তবায়নের বদলে চুক্তিবিরোধী কমিটি গঠনের উদ্যোগকে তিনি অন্তর্ঘাতমূলক বলে মন্তব্য করেন।

মানবাধিকারকর্মী ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, পৃথিবীর মোট জীববৈচিত্র্যের বড় অংশ রক্ষা করেন আদিবাসীরা, তাই তাঁদের সুরক্ষা জরুরি। আগামী বছর পার্বত্য চুক্তির ৩০ বছর পূর্তিকে সামনে রেখে তিনি চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা এবং সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, পাহাড় ও সমতলের আদিবাসীদের অধিকারের সংগ্রামে বামপন্থী দলগুলো পাশে থাকবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ভূমি, ভাষা ও আত্মপরিচয় রক্ষায় রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

এ ছাড়া এশিয়া ইন্ডিজিনাস পিপলস প্যাক্টের (এআইপিপি) সেক্রেটারি জেনারেল পল্লব চাকমা পার্বত্য সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে আলোচনার তাগিদ দেন। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার দাবি করেন। মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলী তালাং আঞ্চলিক পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার ওপর জোর দেন।

সম্মেলন থেকে আত্মনিয়ন্ত্রণাধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার নিশ্চিত করা, আদিবাসী নারীর নিরাপত্তা ও নির্যাতনের বিচার, স্বাধীন ও পূর্ব সম্মতি ছাড়া কোনো প্রকল্প না নেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার, জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র ও আইএলও কনভেনশন বাস্তবায়ন, জাতীয় সংসদে নির্দিষ্ট আসন এবং শিক্ষা ও চাকরিতে কোটা সংরক্ষণের দাবিসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।

দিনব্যাপী এই সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত, মোমবাতি প্রজ্বালন ও শোকপ্রস্তাব পাঠ করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় গানের দল মাদল, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক বোরহান উদ্দিন নিহত
জাতীয়

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক বোরহান উদ্দিন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ির নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেল…

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ম…

জাতীয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে মাদক সেবনের অভিযোগে আটক ৮, কক্ষ সিলগালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থী ও এক অতিথিকে আটক করেছে হল প্রশাসন।…

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিস সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিস সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি অপসারণ…