বিদেশে ডেটা সেন্টার বানালে প্রযুক্তি কোম্পানিকে বড় করের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো অন্য দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার তৈরি করলে তাদের ‘বিশাল করের’ মুখোমুখি হতে হবে। শুক্রবার তিনি এই পরিকল্পনার কথা জানান।
ট্রাম্প অবশ্য এই করের কোনো বিস্তারিত বিবরণ দেননি। তিনি বলেছেন, নিজের কর্মকর্তাদেরও এখনো এই পরিকল্পনার কথা জানাননি তিনি।
একই সঙ্গে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিজ নিজ এলাকায় ডেটা সেন্টার নির্মাণকে স্বাগত জানাতে এবং নির্মাতাদের কাছ থেকে সুবিধা আদায় করে নিতে আহ্বান জানিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের আগেও তিনি একই কথা বলেছিলেন।
ট্রাম্প বলেন, ‘ডেটা সেন্টারের সুযোগ আপনাদের কাজে লাগানো উচিত। তাদের দিয়ে আপনাদের টাকা দেওয়ান, আপনাদের এলাকাকে টাকা দেওয়ান, কিন্তু তাদের বন্ধ করে দেবেন না।’
যুক্তরাষ্ট্রজুড়ে স্থানীয় জনগোষ্ঠীগুলো বিশাল আকারের ডেটা সেন্টারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানিগুলো নতুন করে নানা প্রতিশ্রুতি দিচ্ছে—করদাতাদের কাছ থেকে কম ছাড় নেওয়া, কম গোপনীয়তা রাখা, অথবা যেসব এলাকা সার্ভার গুদামঘর বসাতে রাজি হবে, সেখানে বেশি অর্থ দেওয়া।
ডেটা সেন্টারবিরোধী মনোভাব মধ্যবর্তী নির্বাচনে শক্তিশালী একটি ইস্যু ছিল। ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে।
ট্রাম্পের সমর্থন সত্ত্বেও এআই বিস্তারের প্রাণ এই ডেটা সেন্টারগুলো রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে উঠেছে। পৌর অনুমোদন আটকে দেওয়া স্থানীয় বিরোধিতা এখন একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং আগামী মাসে ডেটা সেন্টার নিয়ে সন্দিহান আরও জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রযুক্তি জায়ান্টদের চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।




