জ্বালানি প্রকল্পের অনুমোদন দ্রুত করতে বিল পাস করল মার্কিন সিনেট
যুক্তরাষ্ট্রের সিনেট বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন ও অন্যান্য জ্বালানি প্রকল্পের অনুমোদন দ্রুত করতে একটি দ্বিদলীয় বিল পাস করেছে। বিদ্যুতের বিল কমানোর চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা মেটানোর তাগিদের মধ্যে বৃহস্পতিবার এই বিলটি পাস হয়।
ভোটাভুটিতে বিলটি ৬২-৩৩ ভোটে পাস হয়। সিনেটের সংখ্যালঘু দলনেতা চাক শুমারসহ ১৫ জন ডেমোক্র্যাট বিলটির পক্ষে ভোট দেন, আর দুজন রিপাবলিকান ভোট দেন বিপক্ষে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটরদের বিলটি পাস করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছেন, প্রতিনিধি পরিষদেও বিলটি পাস হলে তিনি তাতে সই করবেন।
‘বাইপার্টিসান আমেরিকান অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড জবস অ্যাক্ট’ নামের এই বিল পাস হলে জ্বালানি প্রকল্পের ফেডারেল পর্যালোচনার সময়সীমা কমবে এবং অনুমোদন আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ সীমিত হবে।
বিলটি জাতীয় পরিবেশ নীতি আইনসহ বেশ কয়েকটি পরিবেশ আইনে পরিবর্তন আনবে। ওই আইনে কোনো প্রকল্প অনুমোদনের আগে ফেডারেল সংস্থাগুলোকে প্রকল্পটির পরিবেশগত প্রভাব বিবেচনা করতে হয় এবং জনগণকে মতামত দেওয়ার সুযোগ দিতে হয়।
বিলটির চার সহপ্রণেতা—দুজন করে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—বলেছেন, আমেরিকানরা উচ্চ বিদ্যুৎ বিল দিতে দিতে ক্লান্ত, অথচ যেসব প্রকল্প সেই বিল কমাতে পারে, সেগুলো পরিকল্পনা পর্যায়েই আটকে আছে। ইউটার রিপাবলিকান সিনেটর মাইক লি বলেন, ‘আমরা আমেরিকায় আবার নির্মাণ সহজ করব এবং আমেরিকান পরিবারগুলোর জীবন আরও সাশ্রয়ী করব।’
লি এই সমঝোতায় পৌঁছান সহকর্মী রিপাবলিকান ওয়েস্ট ভার্জিনিয়ার শেলি মুর ক্যাপিটো এবং ডেমোক্র্যাট সিনেটর নিউ মেক্সিকোর মার্টিন হাইনরিখ ও রোড আইল্যান্ডের শেলডন হোয়াইটহাউসের সঙ্গে আলোচনা করে। বিলে আরও বলা হয়েছে, বড় এআই ডেটা সেন্টারগুলোকে তাদের সেবায় বিদ্যুৎ গ্রিড উন্নীত করার খরচের বড় অংশ বহন করতে হবে।
এই ভোট এমন সময়ে হলো, যখন বেড়ে চলা বিদ্যুৎ বিল এবং ডেটা সেন্টারের বিরোধিতা এ মাসের মধ্যবর্তী নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল। ডেমোক্র্যাটরা এই শিল্পকে নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়ে জয় পেয়েছে; তারা নতুন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে, যার মেয়াদ শুরু হবে ৩ জানুয়ারি। তত দিন পর্যন্ত উভয় কক্ষেই রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকছে।
নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা এবং তেল-গ্যাস কোম্পানি—উভয় পক্ষের শিল্পগোষ্ঠীই বিলটিকে সমর্থন করেছে। তাদের ভাষ্য, বর্তমান বিলম্বে প্রকল্পের সময়সীমা এক দশক বা তার বেশি পর্যন্ত টানতে পারে।
অন্যদিকে সিয়েরা ক্লাব ও ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফেডারেশনসহ পরিবেশগত গোষ্ঠীগুলো সতর্ক করেছে, এই বিল পানি ও বন্যপ্রাণীর সুরক্ষা দুর্বল করবে এবং প্রকল্পের অনুমোদন চ্যালেঞ্জ করা সম্প্রদায়গুলোর জন্য কঠিন হয়ে পড়বে। অন্য গোষ্ঠীগুলোর মতে, এতে জীবাশ্ম জ্বালানির আরও প্রকল্প বাড়বে।
এনভায়রনমেন্টাল ইন্টেগ্রিটি প্রজেক্টের নির্বাহী পরিচালক জেন ডুগান বলেন, ‘ভুল করবেন না: এই গোপন সমঝোতা ডেটা সেন্টারের জন্য গ্যাস বিদ্যুৎকেন্দ্র, তেল-গ্যাস পাইপলাইন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালের মতো আরও অনেক জীবাশ্ম জ্বালানি প্রকল্পের পথ খুলে দেবে, আর বিনিময়ে যুক্তরাষ্ট্রজুড়ে সম্প্রদায়গুলোর মৌলিক জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা বিসর্জন যাবে।’ তিনি বিলটিকে ‘আমেরিকার সবচেয়ে বড় দূষণকারীদের কয়েকটির জন্য উপহার’ বলে আখ্যা দিয়েছেন।
ওয়াশিংটনের ডেমোক্র্যাট সিনেটর মারিয়া ক্যান্টওয়েল আদিবাসী নেতাদের সঙ্গে বৈঠকের পর বলেন, বিলটি আদিবাসী জাতিগুলোর সার্বভৌমত্ব খর্ব করবে এবং তাদের পানি, ভূমি ও বন্যপ্রাণীর সুরক্ষা দুর্বল করবে। তিনি বিষয়টি বিবেচনার জন্য আরও সময় চান। বিপক্ষের কিছু ডেমোক্র্যাটের মতে, দলের উচিত ছিল জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে জীবাশ্ম জ্বালানি সীমিত করা ও বায়ু-সৌরবিদ্যুৎ সম্প্রসারণে জোর দেওয়া শক্তিশালী আইন পাস করা।
শেষ পর্যন্ত ওরেগনের দুই সিনেটরের তোলা সংশোধনীগুলো গ্রহণ না করেই সিনেট বিলটি পাস করেছে। ওই সংশোধনীগুলোর একটিতে সরকারি জমিতে ডেটা সেন্টার নিষিদ্ধ করার প্রস্তাব ছিল, অন্যটিতে ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে’ জ্বালানি অনুদানসহ ডেমোক্র্যাটদের উদ্যোগ বাতিল করা থেকে ট্রাম্প প্রশাসনকে বিরত রাখার কথা ছিল।



