১ হাজার ১০০ আলোকবর্ষ দূরে হঠাৎ আড়ালে চলে গেল বিশাল গ্রহ টিওআই-২৫৩৫বি

দূরবর্তী একটি নক্ষত্রের চারপাশে শনাক্ত করা বিশাল গ্রহ টিওআই-২৫৩৫বি হঠাৎ পর্যবেক্ষণের আড়ালে চলে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই নজিরবিহীন ঘটনার বিবরণ সম্প্রতি দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে প্রকাশিত হয়েছে।
গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করে, তার নাম টিওআই-২৫৩৫। এটি সূর্যের চেয়ে সামান্য ছোট, প্রায় ৯৭০ কোটি বছর বয়সী একটি কে-বামন নক্ষত্র এবং পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১ হাজার ১০০ আলোকবর্ষ।
টিওআই-২৫৩৫বি একটি উত্তপ্ত বৃহস্পতি শ্রেণির গ্রহ। এর ভর সৌরজগতের বৃহস্পতির কাছাকাছি হতে পারে, তবে এটি মাত্র আট দিনের সামান্য বেশি সময়ে নিজের নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে — গতি বুধ গ্রহের চেয়ে প্রায় ১০ গুণ বেশি।
বিজ্ঞানীদের ধারণা, এই গ্রহের কাছাকাছি আরও একটি এখনো অনাবিষ্কৃত সঙ্গী গ্রহ রয়েছে, যার আকার শনি গ্রহের কাছাকাছি হতে পারে। দুটি গ্রহ মহাকর্ষীয় টানে একে অপরকে ধাক্কা দিয়ে মাতৃ নক্ষত্রের চারপাশে জটিল কক্ষপথে ঘুরছে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানী স্যামুয়েল ই জানিয়েছেন, সৌরজগতে বুধ ছাড়া প্রায় সব গ্রহই প্রায় একই সমতলে প্রদক্ষিণ করে, পারস্পরিক হেলে থাকার পরিমাণ মাত্র ১ ডিগ্রির মতো। কিন্তু টিওআই-২৫৩৫ নক্ষত্রের দুটি গ্রহের মধ্যে এই ব্যবধান অন্তত ৫ ডিগ্রি, যা অনেক বেশি।
গ্রহগুলো সাধারণত একই সমতল প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে গঠিত হয় বলে বিজ্ঞানীরা সমতল ব্যবস্থাই আশা করেন। এই অস্বাভাবিক হেলে থাকাই গ্রহটির দৃষ্টির আড়ালে চলে যাওয়ার সঙ্গে সম্পর্কিত বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
২০১৯ সালে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ব্যবহার করে প্রথম টিওআই-২৫৩৫বি গ্রহের সন্ধান পাওয়া যায়। এরপর কয়েক বছর ধরে মহাকাশ ও পৃথিবীতে থাকা অনেক টেলিস্কোপ দিয়ে গ্রহটিকে পর্যবেক্ষণ করা হয়েছে।
তবে গত মার্চ মাসে গ্রহটি হঠাৎ দৃষ্টির আড়ালে চলে যায়।
বিজ্ঞানী এরিক পেটিগুরা বলেছেন, আগামী দশকগুলোতে টিওআই-২৫৩৫বি আবার দেখা যাবে এবং আবার অদৃশ্য হয়ে যাবে। পাশাপাশি এর লুকানো সঙ্গী গ্রহটিও শিগগিরই দৃশ্যমান হতে পারে।
দুটি বস্তুই দৃশ্যমান হলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আরও নিখুঁত তথ্য জানা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।



