ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি চলছে, আবেদন ২০ ডিসেম্বর পর্যন্ত

মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশি নাগরিকদের আরবি ভাষায় দক্ষ করে তুলতে তিন মাস মেয়াদি ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’-এর তৃতীয় ব্যাচে ভর্তির আবেদন শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন। নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা।
কোর্সটি পরিচালিত হবে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীনে থাকা আরবি ভাষা ইনস্টিটিউটে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই কোর্স চলবে।
আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। কোর্স শুরুর আগেই সোনালী ব্যাংক পিএলসির বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামের হিসাবে এই ফি জমা দিতে হবে।
ভর্তি ফরম সংগ্রহ করা যাবে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে অথবা কমপ্লেক্সের উত্তর পাশের মার্কেটের ওপর তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউট থেকে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ফেসবুক পেজ থেকেও ফরম ডাউনলোড করা যাবে।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।
তিন মাসের এই কোর্সে সপ্তাহে তিন দিন—রবি, সোম ও বুধবার—ক্লাস চলবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস হবে, যদিও সময় পরিবর্তনযোগ্য বলে জানানো হয়েছে। প্রতিদিন দুটি করে মাসে ২৪টি ক্লাস হিসেবে পুরো কোর্সে পরীক্ষাসহ মোট ৭৬টি ক্লাস হবে, প্রতিটির ব্যাপ্তি এক ঘণ্টা।
ক্লাস নেওয়া হবে বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে। কোর্স শেষে সফল শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ দেওয়া হবে।



