…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
ছবি: সংগৃহীত

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই ভবনের দুই প্রান্তে দুটি শ্রেণিকক্ষে শিশুদের পাঠদান করা হচ্ছে। শিক্ষকেরা ভবনের মাঝে আরেকটি ছোট কক্ষে বসেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।

বিদ্যালয় সূত্র জানায়, পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামে ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরে মিশনারিরা চলে গেলে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে আবার শিক্ষা কার্যক্রম শুরু হয়। তারপর বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। পাঁচজন শিক্ষক নিয়মিত পাঠদান করছেন।

শিক্ষকেরা জানান, এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বেতন-ভাতা ছাড়া পাঠদান করছেন তাঁরা। নিজেদের শ্রম, সময় ও আন্তরিকতায় টিকিয়ে রেখেছেন বিদ্যালয়টি।

স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশের সাত-আটটি পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা বিদ্যালয়টি। তাঁরা চান, বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নতুন করে নির্মাণ করা হোক। তাহলে শিশুরা সুন্দর পরিবেশে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের টিনের চালায় অসংখ্য ছিদ্র। শ্রেণিকক্ষে একটা বেঞ্চে চার থেকে ছয়জন শিক্ষার্থী বসে আছে। বিদ্যালয়ে নেই বিদ্যুৎ, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।

শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। ভিজে যায় বইখাতা। বিদ্যালয়ে বাইরে থেকে পানি এনে কলস বা জগে ভরে রাখা হয়। পানি না থাকলে অনেক সময় তারা পাশের ধানখেতে সেচ দেওয়ার নালার পানি পান করে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঙ্গীতা বর্মন বলে, ‘শ্রেণিকক্ষের টিনে ছিদ্র, দেয়ালে ফাটল। বিদ্যালয়ে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। তৃষ্ণা পেলে পাশের ফসলের জমির নালার পানি পান করতে হয়। এসব কারণে প্রতিদিন আমাদের অনেক কষ্ট হয়।’

আরেক শিক্ষার্থী স্মৃতি টপ্পো বলে, ‘আমাদের বিদ্যালয়ের ঘরগুলোর অবস্থা খুবই খারাপ। শ্রেণিকক্ষে বসার মতো পর্যাপ্ত বেঞ্চ নেই। স্বাস্থ্যসম্মত শৌচাগারও নেই।’

স্থানীয় অভিভাবক জগেস গজাড় বলেন, একই কক্ষে কয়েক শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে বসতে হয়। গরমের সময় বিদ্যুৎ না থাকায় শিশুদের অনেক কষ্ট হয়। ভালো শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী খাতুন বলেন, ‘শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছি। অনেক সীমাবদ্ধতা রয়েছে; তবু শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যাক, তা চাই না।’ আরেক শিক্ষক গঙ্গা রানী বলেন, এলাকাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত; গ্রামের শিশুরা দূরের বিদ্যালয়ে যেতে চায় না। এ কারণে বড়াইল গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ে প্রয়োজনীয় অবকাঠামো, বিদ্যুৎ, শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই।

বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব বর্মন বলেন, এলাকার শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজেদের উদ্যোগে বিদ্যালয়টি চালু রেখেছেন তাঁরা। নানা সংকটের মধ্যেও পাঠদান বন্ধ করেননি। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পাবে, এমন প্রত্যাশা তাঁদের। তবে অনেক চেষ্টা করেও বিদ্যালয়টি সরকারি করা সম্ভব হয়নি।

পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ফসলের মাঠের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসতি গড়ে উঠেছে। ওই এলাকার দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পিটিহার গ্রামেও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের এসব প্রতিষ্ঠানে পড়তে যাওয়ার আগ্রহ কম। তিনি বলেন, এ কারণে তাঁদের নিজস্ব বসতির কাছাকাছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা জরুরি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রতিষ্ঠানটির নামে ৩৩ শতক জমি থাকতে হবে। পাশাপাশি ১৫০ শিক্ষার্থী থাকতে হবে। দুই কিলোমিটারের মধ্যে কোনো সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না। এসব শর্ত পূরণ হলে তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরাবর আবেদন করতে পারবে। তারা আবেদন করলে আমরা সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…

গাংনীতে পরীক্ষার মাঝে শ্রেণিকক্ষে আগুন, শিক্ষিকার তৎপরতায় রক্ষা পেল ৩০-৩২ শিশু
শিক্ষা

গাংনীতে পরীক্ষার মাঝে শ্রেণিকক্ষে আগুন, শিক্ষিকার তৎপরতায় রক্ষা পেল ৩০-৩২ শিশু

মেহেরপুরের গাংনীতে বিদ্যালয়ে শ্রেণিপরীক্ষা চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ সময় শ্রেণিকক্ষে থাকা ৩০-৩২ জন শিক্ষার্…