লোকসান কাটিয়ে মুনাফায় ফিরল বারবেরি, এক জোড়া মোজার দাম প্রায় ১৪ হাজার টাকা

এক জোড়া মোজার দাম ৮৫ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা; আর একটি চামড়ার কোটের দাম ৯ হাজার পাউন্ডের বেশি, অর্থাৎ প্রায় ১৫ লাখ টাকা। এমন দামেই পোশাক বিক্রি করে ব্রিটিশ বিলাসপণ্যের ব্র্যান্ড বারবেরি। ব্র্যান্ডটির পণ্য তালিকায় কয়েক শ পাউন্ড দামের স্কার্ফ ও বিলাসবহুল হাতব্যাগসহ নানা পোশাক ও ফ্যাশনসামগ্রী রয়েছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিলাসপণ্যের বাজারে মন্দাভাবের মধ্যেও বারবেরির ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে। গত বছর লোকসানে থাকা প্রায় দেড় শ বছরের পুরোনো এই ব্রিটিশ ব্র্যান্ডটি আবার মুনাফার ধারায় ফিরেছে। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বারবেরি জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া ছয় মাসে তাদের করপূর্ব মুনাফা হয়েছে ১ কোটি ৯০ লাখ পাউন্ড। আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি লোকসান দিয়েছিল ৪ কোটি ৮০ লাখ পাউন্ড। অর্থাৎ এক বছরের ব্যবধানে আর্থিক ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে ৬ কোটি ৭০ লাখ পাউন্ডের। একই সময়ে বারবেরির বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১১০ কোটি পাউন্ডে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশুয়া শুলম্যান জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাদের বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ। বিশেষ করে অনলাইন ও পাইকারি বিক্রির ভালো ফল ব্যবসা ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।
আঞ্চলিক হিসাবেও চিত্রটি মিশ্র। চীনে বারবেরির বিক্রি বেড়েছে ১৫ শতাংশ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বেড়েছে ১৪ শতাংশ। তবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিক্রি কমেছে ১ শতাংশ করে। প্রতিষ্ঠানটির হিসাবে, এই অঞ্চলের ব্যবসায় নেতিবাচক প্রভাবের একটি কারণ ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি।
ব্যবসা ঘুরে দাঁড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পণ্যের দামে বৈচিত্র্য আনার কৌশল। অপেক্ষাকৃত কম দামে বিলাসপণ্য কিনতে আগ্রহী ক্রেতাদের পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করতে সক্ষম ধনী ক্রেতারাও যাতে পছন্দের পণ্য খুঁজে পান, সেভাবেই মূল্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
প্রধান নির্বাহী জশুয়া শুলম্যান এই কৌশলকে বলছেন ‘পিরামিড অব প্রাইসিং’ বা স্তরভিত্তিক মূল্য নির্ধারণ। এই ব্যবস্থায় তুলনামূলক সাশ্রয়ী পণ্যের মধ্যে রয়েছে ৮৫ পাউন্ডের সুতি ও কাশ্মীরি উলের তৈরি মোজা; একটি স্কার্ফের দাম শুরু হয় ১৯৫ পাউন্ড থেকে। অন্যদিকে দামি পণ্যের তালিকায় রয়েছে চামড়ার তৈরি বিশেষ কোট ও হাতব্যাগ, কিছু চামড়ার কোটের দাম ৯ হাজার পাউন্ডেরও বেশি।
বাংলাদেশ ব্যাংকের ১৯ নভেম্বরের বিনিময় হার অনুযায়ী প্রতি ব্রিটিশ পাউন্ডের মূল্য প্রায় ১৬৪ টাকা। সেই হিসাবে বারবেরির এক জোড়া মোজার দাম পড়ে প্রায় ১৩ হাজার ৯৪০ টাকা, একটি স্কার্ফের সর্বনিম্ন দাম প্রায় ৩২ হাজার টাকা, আর ৯ হাজার পাউন্ডের একটি কোট কিনতে খরচ পড়বে প্রায় ১৪ লাখ ৭৬ হাজার টাকা।
বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজারে সাম্প্রতিক সময়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। অত্যন্ত উচ্চমূল্যের পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের সতর্কতা বেড়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ কমে যাওয়ায় অনেক বিলাসবহুল ব্র্যান্ডের বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
শুলম্যান মনে করেন, বিলাসপণ্যের মাত্রাতিরিক্ত দাম নিয়ে ক্রেতাদের মধ্যে একধরনের ক্লান্তি তৈরি হয়েছে। ফলে শুধু ব্র্যান্ডের পরিচিতি নয়, দামের বিপরীতে ক্রেতারা কতটা মূল্য পাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর মতে, দামের বিপরীতে ভালো মানের পণ্য দেওয়ার বারবেরির কৌশল বিশেষ করে চীনের ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে।
বারবেরি মূলত পরিচিত তার ট্রেঞ্চকোট, রেইনকোট ও বিশেষ নকশার পোশাক ও ফ্যাশনসামগ্রীর জন্য। ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ব্র্যান্ডটি সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসায়িক চাপে পড়ে ‘বারবেরি ফরওয়ার্ড’ নামে পুনর্গঠন কৌশল নেয়। গত দুই বছর ধরে এই কৌশলের আওতায় ঐতিহ্যবাহী পণ্য—কোট, জ্যাকেট, রেইনকোট ও হাতব্যাগে—নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে।
গত গ্রীষ্মে প্রতিষ্ঠানটির হালকা জ্যাকেট ও গরম আবহাওয়ার উপযোগী গ্যাবার্ডিন কাপড়ের রেইনকোটের বিক্রি ভালো হয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পরিচিত চেক নকশার চামড়ার ব্যাগ ও অন্যান্য ফ্যাশনসামগ্রীর ‘কটসওল্ড’ সংগ্রহও। চীনের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিশেষ পণ্য এনেছে বারবেরি; আসন্ন চন্দ্র নববর্ষ উপলক্ষেও বিশেষ পণ্য আনার প্রস্তুতি চলছে।
শুলম্যানের মতে, আন্তর্জাতিক পর্যটন কমেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে ক্রেতারা বিদেশে গিয়ে কেনাকাটা কমালেও নিজেদের দেশে কেনাকাটা করছেন, চলতি বছরজুড়েই এই প্রবণতা দেখা যাচ্ছে। পর্যটকদের কেনাকাটা কমায় ডিসকাউন্ট আউটলেটে বিক্রিতে প্রভাব পড়লেও লন্ডনসহ বড় শহরের প্রধান বিপণিবিতানগুলোয় স্থানীয় ক্রেতাদের কেনাকাটা তুলনামূলক ভালো রয়েছে।
বারবেরির মুনাফায় ফেরা বিলাসপণ্যের বাজারের জন্য ইতিবাচক খবর হলেও পুরো খাতের সংকট কেটে গেছে, এমনটি এখনই বলা যাচ্ছে না। উচ্চমূল্যের পণ্য কেনায় ক্রেতাদের সতর্কতা এখনো রয়েছে, আর পর্যটন ও ভ্রমণনির্ভর বিক্রির চাপও অব্যাহত আছে।



