…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সিরাজগঞ্জে ফুলজোড় নদীতে সেতু নেই: বাঁশের সাঁকো আর নৌকায় আট গ্রামের ৪০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর বিষ্ণুপুর ঘাটে কোনো সেতু নেই। নলকা ইউনিয়নের বিষ্ণুপুর, ফরিদপুর, আঙ্গার, তেঘরী, ব্যাংক নাই, গঙ্গারামপুর, বাঁশুড়িয়া ও আটঘরিয়া—এই আট গ্রামের প্রায় ৪০ হাজার মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় কখনো বাঁশের সাঁকো দিয়ে, কখনো নৌকায়।

এই দুর্ভোগের সবচেয়ে মর্মান্তিক উদাহরণ বিষ্ণুপুর এলাকার বাসিন্দা পলাশের পরিবার। ২০২৫ সালের ৬ অক্টোবর রাত ১১টার দিকে তাঁর প্রসূতি স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য তিনি ফুলজোড় নদীর বিষ্ণুপুর ঘাটে ছুটে গেলেও তখন কোনো নৌকা পাওয়া যায়নি। অনেক চেষ্টা করেও স্ত্রীকে সময়মতো চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হয়নি; শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান।

পলাশ বলেন, ‘নৌকার অভাবে স্ত্রীকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সময়মতো হাসপাতালে নিতে পারলে হয়তো এমন পরিণতি হতো না।’ সেই স্মৃতি আজও তাঁকে তাড়িয়ে বেড়ায় বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুধু পলাশের পরিবার নয়—বিষ্ণুপুর ঘাটের এই বাস্তবতা আট গ্রামের মানুষের প্রতিদিনের জীবন। একটি সেতুর অভাবে প্রতিদিনের জীবনযাত্রাই যেন সংগ্রামে পরিণত হয়েছে ফুলজোড় নদীপাড়ের মানুষের।

শুষ্ক মৌসুমে বাঁশ ও চাটাই দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোই পারাপারের ভরসা। কিন্তু বর্ষায় সেই পথ ডুবে গেলে নৌকা ছাড়া পারাপারের আর কোনো সুযোগ থাকে না। বিশেষ করে রাতের বেলায় গুরুতর রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

দাসপাড়া গ্রামের পপি রানী দাস বলেন, ‘শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ—সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বিশেষ করে অসুস্থ মানুষ কিংবা প্রসূতি নারীদের নিয়ে নদী পারাপারের সময় আতঙ্কে থাকতে হয়। কখনো কখনো সময়মতো চিকিৎসা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।’

বিষ্ণুপুর গ্রামের সাইফুল ইসলাম সূর্য বলেন, কৃষকদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য ফসল নৌকায় পার করে বাজারে নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। অনেক সময় পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। তাঁর মতে, এখানে সেতু হলে আট গ্রামের মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

স্থানীয় ইউপি সদস্য আনিছার জানান, সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সোহাগ রানা বলেন, ‘বিষয়টি আগে আমাদের জানা ছিল না। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।’ ওই এলাকায় ২০০ মিটারের মধ্যে একটি সেতু নির্মাণের আবেদন রয়েছে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, আর কোনো পরিবারকে যেন প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ফিরতে না হয়। নিরাপদ যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনের স্বার্থে ফুলজোড় নদীর বিষ্ণুপুর ঘাটে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা
জাতীয়

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলা…