…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের মৃত্যুর পর হাসপাতালে প্রাণ গেল দেড় বছরের শিশু মাহাদেরও

নিজস্ব প্রতিবেদক
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের মৃত্যুর পর হাসপাতালে প্রাণ গেল দেড় বছরের শিশু মাহাদেরও
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার ঘটনায় মা ইফতি সাবার (২৫) মৃত্যুর পর এবার মারা গেল তাঁর দেড় বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার বিকেলে শতভাগ দগ্ধ অবস্থায় মারা যান শিশুটির মা ইফতি সাবা।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, বর্তমানে সাবার স্বামী মানিক ৬ শতাংশ, সানজিদা ৩৭ শতাংশ এবং সানজিদার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি বাসায়। বিস্ফোরণে দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা (২৫) ও ছেলে আরিস রহমান মাহাদ এবং পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২) — এক পরিবারের তিনজনসহ মোট পাঁচজন।

দগ্ধ মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে থাকেন; পাশের রুমে থাকেন নার্সিং কলেজের শিক্ষার্থী সানজিদা ও তাঁর মা। সকালে বাসার ভেতর বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভাঙে, সঙ্গে সঙ্গে তাঁর শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা ছেলেও ঝলসে যায়। তখন ছেলেকে নিয়ে দৌড়ে বাইরে বের হন তিনি; একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তাঁর স্ত্রী এবং পাশের রুমে থাকা মা-মেয়েও।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করা হয়, তবে সিলিন্ডার রাখা বাড়ির নিচে। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখেছিল কিংবা লিক ছিল; সেখান থেকে সারা রাত গ্যাস বের হয়েছে। সকালে তাঁর স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়েছিল, তবে তার আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরা দগ্ধদের হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণে বাসার দরজা-জানালা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা
জাতীয়

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলা…