দেশের সব খাল ও মরা নদী পুনরুজ্জীবিত করা হবে, পাঁচ বছরে খনন হবে ২০ হাজার কিলোমিটার খাল: মীর শাহে আলম

দেশের সব খাল ও মরা নদী পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ ডিসেম্বরের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী গোবিন্দগঞ্জের করতোয়া নদীর বিভিন্ন অংশ ও আশপাশের খাল ঘুরে দেখেন। শিগগিরই এসব খাল খননকাজের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।’
প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী ও খাল খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার এবং কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নেও নতুন গতি আসবে বলে তিনি জানান।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানী প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি রয়েছে।
এর আগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




