নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত কমপ্লেক্সটির সামনে বিক্ষুব্ধ শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে চাকরি হারানোর পরও তাঁদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি।
শ্রমিকেরা জানান, কর্তৃপক্ষ একাধিকবার সময় দিলেও নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ করেনি। চাকরি হারানোর পর এমনিতেই তাঁরা আর্থিক সংকটে রয়েছেন, এর মধ্যে কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার নিয়ে তাঁদের দিন কাটাতে হচ্ছে চরম দুর্ভোগে। দ্রুত সব বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন তাঁরা।
কর্মসূচির একপর্যায়ে শ্রমিকেরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
এদিকে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (অটোমেশন) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁকে আটকে বকেয়া বেতনের বিষয়ে জবাবদিহি চান। তিনি জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো অফিসে আসেননি; তাঁরা এলে বিষয়টি নিয়ে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।
তবে তাঁর বক্তব্যে শ্রমিকেরা সন্তুষ্ট না হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় তাঁর সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন রানা বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকেরা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
ওসি আরও বলেন, বকেয়া বেতন পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




