…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বরগুনায় টানা তিন দিনের বৃষ্টি, পানিতে জমি, থেমে আছে মাছ ধরা

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বরগুনায় টানা তিন দিনের বৃষ্টি, পানিতে জমি, থেমে আছে মাছ ধরা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বরগুনাসহ উপকূলীয় এলাকায় টানা তিন দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে দুর্ভোগের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উদ্বেগ দেখা দিয়েছে। জমিতে পানি জমে শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, আর দমকা হাওয়ায় পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়। গতকাল শুক্রবার ও আজ শনিবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও জেলেরা।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালতলী উপজেলার সওদাগরপাড়া এলাকার কৃষক শাহাদাত হোসেন বলেন, টানা বৃষ্টিতে কৃষিকাজ নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আরও কয়েক দিন চললে বড় ধরনের লোকসানে পড়তে হবে বলে তিনি জানান।

বরগুনা সদরের বুড়িরচর এলাকার কৃষক আলাউদ্দিন আকন বলেন, মাঠে এখন বিভিন্ন ধরনের ফসল রয়েছে, কিন্তু বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। কোথাও কোথাও পানি জমে গেছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি হলে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

বৈরী আবহাওয়ায় নদী ও সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জেলেরা। জেলে পলাশ ও জহিরুল ইসলাম বলেন, নদী ও সাগর উত্তাল থাকায় নৌকা-ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া যাচ্ছে না, ফলে তাঁদের আয়ও বন্ধ হয়ে গেছে।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তবে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে এবং জেলে ও শ্রমিকেরাও আর্থিক সংকটে পড়বেন বলে তিনি বলেন।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে এখন পর্যন্ত জেলায় কৃষির তেমন কোনো ক্ষতি হয়নি। তবে সাড়ে চার হেক্টর জমির খেসারি আবাদ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। জমিতে পানি না জমলে ধানের ক্ষতির আশঙ্কা নেই, তবে শীতকালীন কিছু সবজি ছত্রাকজনিত রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া বৃষ্টির কারণে রবি ফসলের আবাদ ১০ থেকে ১২ দিন পিছিয়ে যেতে পারে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা
আবহাওয়া ও পরিবেশ

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু দেশগুলো নতুন কোনো চুক্তিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। নির্ধারিত সময়…

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা

বরিশাল নগরীর সাগরদী খালের বড় অংশ কীর্তনখোলা নদী খননের পলিতে ভরাট হচ্ছে। মাত্র তিন বছর আগে খনন করা এই খাল স্থানীয়দের গোসল, গৃহস্থালির কাজ ও বৃষ্টির প…

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া
আবহাওয়া ও পরিবেশ

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া

সপ্তাহের শুরুতে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহ…

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র
আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র

বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়। সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলা…