ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও কমেছে বাংলাদেশের রপ্তানি ও হিস্যা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে শীর্ষ রপ্তানিকারক হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকলেও ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি ও বাজার অংশীদারিত্ব দুটিই কমেছে।
ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববাজার থেকে ৩৪১ কোটি ৫৪ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২৪ শতাংশ কম।
একই সময়ে বাংলাদেশ থেকে ১০০ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইউরোপের দেশগুলো। আগের বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ।
রপ্তানি কমার প্রভাব পড়েছে বাজার অংশীদারিত্বেও। গত বছরের প্রথম নয় মাসে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশে।
২০১৭ সালে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে ইউরোপের ডেনিম বাজারে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। ইউরোপের বাজারে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির রপ্তানি ৬ দশমিক ৬৩ শতাংশ কমে ৬০ কোটি ৯৭ লাখ ইউরোতে দাঁড়িয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি কমেছে ২০ দশমিক ২৭ শতাংশ, যার পরিমাণ ৪৯ কোটি ৮১ লাখ ইউরো। এ ছাড়া তিউনিসিয়া, কম্বোডিয়া ও মরক্কোর রপ্তানিও কমেছে।
অন্যদিকে চীন, মিশর, ভিয়েতনাম ও ভারত ইউরোপের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি বছরের প্রথম নয় মাসে ভিয়েতনামের ডেনিম রপ্তানি ৩৮ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ৬ কোটি ১৫ লাখ ৭০ হাজার ইউরোতে পৌঁছেছে।
মিশরের রপ্তানি ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে হয়েছে ২২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ইউরো। চীনের রপ্তানি ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৫ লাখ ৪০ হাজার ইউরোতে। ভারতের রপ্তানিও ২২ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অগাস্টে ইউরোপে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার ইউরোতে পৌঁছেছিল। তবে সেপ্টেম্বরে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম রপ্তানি হলেও প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ।
ইউরোপের বাইরে বাংলাদেশের ডেনিম পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রেও শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে ৬১ কোটি ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের মোট ডেনিম আমদানি বাজারের প্রায় ২৬ শতাংশ বাংলাদেশের দখলে। এ বাজারে ৫৫ কোটি ডলারের রপ্তানি নিয়ে দ্বিতীয় স্থানে মেক্সিকো, ৪৫ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে চীন এবং ৩৫ কোটি ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনাম।
সব মিলিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশের ডেনিম পোশাকের অবস্থান এখনো শক্তিশালী। তবে প্রতিযোগী দেশগুলোর দ্রুত প্রবৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্যের ঘাটতি এবং বাণিজ্য চুক্তির সুবিধায় পিছিয়ে থাকার কারণে ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ধরে রাখা ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।


