বিটকয়েনের দাম দুই বছরের সর্বনিম্নে, একদিনে কমেছে ৫ দশমিক ১০ শতাংশ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারের অতিমূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের জেরে ঝুঁকিপূর্ণ সম্পদের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বাজারেও বড় চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বাজারমূল্যের দিক থেকে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দর গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বাজার তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১১টা ১৩ মিনিটে (শনিবার জিএমটি ভোর ৪টা ১৩ মিনিট) বিটকয়েনের দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
এর আগে লেনদেনে মুদ্রাটির দর ৩ দশমিক ৫৭ শতাংশ হ্রাস পেয়ে ৫৬ হাজার ৮১৩ দশমিক ৬৮ ডলারে অবস্থান করছিল। শুক্রবার দিনের শুরুতেই গত জুলাইয়ের পর প্রথমবারের মতো ৬০ হাজার ডলারের নিচে নেমে আসে বিটকয়েন।
সাম্প্রতিক লেনদেনের দিনগুলোতে একাধিক কারণে ক্রিপ্টোকারেন্সি বাজারে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে রয়েছে এআই অবকাঠামো খাতে বিপুল ব্যয়ের বিপরীতে মুনাফা অর্জন নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা সংশয় এবং ঋণের ক্রমবর্ধমান ব্যয়।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর তৈরি হওয়া নিয়ন্ত্রণমূলক ঝুঁকি এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিদায়ের বিষয়টিও এই অস্থিরতার কারণগুলোর মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ক্রিপ্টোবাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও দরপতনের ধারা দেখা গেছে। দেশটির প্রধান শেয়ার সূচকগুলো ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের মুখে রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘লিবারেশন ডে’ শুল্ক ঘোষণা করেছিলেন।


