পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র ও উসকানি চলছে, শ্রমিকেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন: ওয়াহিদউদ্দিন মাহমুদ
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, পোশাকশিল্প ধ্বংসের পথে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকেরা।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এ খাতের শ্রমিকদের মজুরি রাতারাতি বাড়ানো সম্ভব নয়। মালিক ও শ্রমিক—দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ এবং ব্যবসার খরচ কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে বলেও তিনি বলেন।
তিনি বলেন, দেশে টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগানো যাবে না। এ জন্য প্রয়োজন দক্ষ প্রশাসনিক ব্যবস্থা।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলতে থাকে। তবে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে এসব তত্ত্ব খুব বেশি গ্রহণযোগ্যতা পায় না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।
দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির দিকে অতীতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতাকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। তবে এ সময় আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।
কিরণ বলেন, নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসায়ীরা এখনো যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। উত্তরণের পর তৈরি পোশাক খাতের বড় কারখানাগুলো তেমন সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।


