মহাখালীতে বৈশাখী টিভির কার্যালয়ে হট্টগোল, ডিএমডি টিপু আলম পুলিশ হেফাজতে

রাজধানীর মহাখালীতে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে হাঙ্গামা-হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা তিনটার দিকে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
বৈশাখী টেলিভিশনের কর্মীরা অভিযোগ করেছেন, বহিরাগতরা টেলিভিশনটির কার্যালয়ে ঢুকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করে।
বৈশাখী টেলিভিশনের একটি সূত্র জানায়, এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিষ্ঠানটির ডিএমডি টিপু আলমকে হেফাজতে নেয় বনানী থানা-পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ‘ওই অফিসে অজ্ঞাত বহিরাগত লোকজন গিয়ে বিশৃঙ্খলা করছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নিয়েছি।’
ওসি সালাহ উদ্দিন আরও বলেন, ডিএমডি টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলা রয়েছে। কোতোয়ালি থানার ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে আলোচনা হচ্ছে। ওই থানার কর্মকর্তারা এসেছেন বলেও জানান তিনি।
ঘটনার সময় টেলিভিশনটির ফেসবুক থেকে লাইভে এসে একজন বলছিলেন, একদল লোক এসে বৈশাখী চ্যানেলের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করছে। ভবনটির নিচে জড়ো হওয়া লোকজনকে দেখিয়ে তিনি বলছিলেন, তারা নিউজরুমে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
টেলিভিশনটিতে কর্মরত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে বেলা দুইটার দিকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম। এর জেরেই নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ডেকে আনেন বলে তিনি দাবি করেন।
ওই কর্মীর ভাষ্য অনুযায়ী, এরপর তাঁরা ডিএমডিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সঙ্গে হট্টগোল ও বিশৃঙ্খলা হয়। এ সময় প্রধান ফটকের বাইরে আরও লোকজন জড়ো হওয়ায় টেলিভিশনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এরপর বনানী থানার পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ান বলেন, ‘একটি ফটোকার্ড প্রচার করা নিয়ে তাঁর (ডিএমডি) সঙ্গে আমার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তিনি আমাকে চাকরি ছেড়ে দিতে বলেন। এরপর আমি স্যালারি বুঝিয়ে দিতে বললে তিনি মানবসম্পদ বিভাগে (এইচআর) যেতে বলেন।’
নাহিয়ান আরও বলেন, তিনি এইচআরে গেলে দায়িত্বরত কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন। এরপর ওই কর্মকর্তা ডিএমডির রুম থেকে ফিরে তাঁকে বহিরাগতদের বিশৃঙ্খলার কথা জানান।




