২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
শনিবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।
বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাঁদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও বিদেশে দায়িত্ব পালনের প্রশংসা করে তারেক রহমান বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাঁদের ভূমিকা প্রশংসনীয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনাম অর্জন করেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী দেশে-বিদেশে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহত সদস্যদের প্রতিও তিনি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।


