ঠাকুরগাঁওয়ে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র ফয়সাল আলী নিহত
ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় ফয়সাল আলী (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনের অদূরে একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আলী সদর উপজেলার পূর্ব পারপুগী গ্রামের আলু ব্যবসায়ী মোহাম্মদ মানিকের ছেলে। তিনি স্থানীয় শিবগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির (প্রথম বর্ষ) শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ফয়সাল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রেলক্রসিং পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি ট্রেন তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়।
ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ফয়সাল আলীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



