…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কুষ্টিয়ায় চার বছর আশ্রয়ে থাকা নেপালি তরুণ রিয়ান ফিরছেন মা-বাবার কাছে, বিদায়ে চোখে জল আশ্রয়দাতার

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় চার বছর আশ্রয়ে থাকা নেপালি তরুণ রিয়ান ফিরছেন মা-বাবার কাছে, বিদায়ে চোখে জল আশ্রয়দাতার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে একটি পরিবারের আশ্রয়ে দীর্ঘ চার বছর থাকা নেপালের তরুণ রিয়ান আনসারী (২৪) নিজ দেশে মা-বাবার কাছে ফিরছেন। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের প্রচেষ্টায় এই ফেরা সম্ভব হচ্ছে।

আজ শনিবার দুপুরে দৌলতপুরের ফিলিপনগরে আসে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের প্রতিনিধিদল। দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইনের নেতৃত্বে কর্মকর্তারা দূতাবাসের গাড়িতে করে রিয়ানকে নিয়ে রওনা হন।

আগামীকাল রোববার পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষমাণ পরিবারের সদস্যদের কাছে রিয়ানকে হস্তান্তর করা হবে। রিয়ান নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা বাদল আনসারীর ছেলে।

রিয়ান ভারতের পশ্চিমবঙ্গের জলঙ্গী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর তিনি কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। ভিনদেশি ভাষা, অচেনা পথঘাট আর অসুস্থতা নিয়ে অসহায় জীবন কাটছিল তাঁর।

একপর্যায়ে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুরে বিদ্যুৎমিস্ত্রি পলাশ আহমেদের দোকানের সামনে আসেন রিয়ান। তাঁকে দেখেই মনে হচ্ছিল তিনি মানসিকভাবে সুস্থ নন। পরে মানবিক কারণে পলাশ তাঁকে নিজ বাড়িতে আশ্রয় দেন।

পলাশ আহমেদ বলেন, প্রায় চার বছর আগে রিয়ানকে তিনি অসুস্থ ও অগোছালো অবস্থায় পান। মানবিক দিক বিবেচনা করে তাঁকে বাড়িতে নেন এবং পরিবারের একজন সদস্যের মতো করেই দেখাশোনা করেন। এভাবে কেটে গেছে চারটি বছর।

পলাশ জানান, রিয়ান কথা কম বলতেন। তিনি ভাত খেতে চাইতেন না, গোশতের ঝোল দিয়ে মুড়িমাখা ও ডিমভাজি খেতে বেশি পছন্দ করতেন। কারও সঙ্গে তিনি খারাপ আচরণ করতেন না।

শুরুতে রিয়ানের ভাষা বুঝতে কষ্ট হতো পলাশের। তবে ধীরে ধীরে রিয়ান বাংলা বলতে ও বুঝতে পারেন। কয়েক দিন আগে তিনি তাঁর পরিবারের একটি ইমো নম্বর দেন। ওই নম্বরে যোগাযোগ করে নেপালে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর রিয়ান নিয়মিত পরিবারের সঙ্গে কথা বলতেন এবং পরিবারের কাছে ফিরে যেতে ব্যাকুল হয়ে ওঠেন।

রিয়ানের পরিবারের বরাত দিয়ে পলাশ জানান, রিয়ান নেপালের একটি মুসলিম পরিবারের সন্তান। মা-বাবা, পাঁচ ভাই ও এক বোন নিয়ে তাদের সংসার। দুই ভাই কাতারপ্রবাসী এবং এক ভাই কম্পিউটার প্রকৌশলী।

পরিবারের তথ্য অনুযায়ী, অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে রিয়ান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ছয় বছর আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দেড় বছরের বেশি সময় তিনি ভারতেই ছিলেন। এর মধ্যে ভারতের পত্রিকায় তাঁর ছবিসহ নিখোঁজ সংবাদও প্রচারিত হয়েছিল।

চলতি বছরের ১ জুলাই প্রথম আলো অনলাইনে ‘মানসিক ভারসাম্যহীন ভেবে আশ্রয়, চার বছর পর জানা গেল তিনি বিদেশি নাগরিক’ শিরোনামে রিয়ানকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

শনিবার রিয়ানের বিদায়ের মুহূর্তে ফিলিপনগরের বাড়িতে আবেগঘন দৃশ্যের তৈরি হয়। দীর্ঘ চার বছর পরিবারের একজনের মতো আগলে রাখা রিয়ানকে বিদায় দিতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল পলাশ আহমেদের। বিদায়বেলায় গাড়িতে ওঠার সময় রিয়ানের চোখেও ছিল অশ্রু আর ঘরে ফেরার ব্যাকুলতা।

পলাশ আহমেদ বলেন, ‘আজ ওকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে যেমন বুকটা আনন্দে ভরে যাচ্ছে, তেমনি দীর্ঘদিনের মায়া ছেড়ে বিদায় দিতেও মনটা ভেঙে যাচ্ছে।’

নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘বাংলাদেশের মানুষ রিয়ানকে যেভাবে ভালোবেসে আগলে রেখেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। দুই দেশের সরকারি উদ্যোগে ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আমরা কুষ্টিয়া থেকে রিয়ানকে ঢাকায় নিয়ে এসেছি। রোববার বাংলাবান্ধা সীমান্তে তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘ছেলেটি দীর্ঘদিন ধরে এখানে ছিল। শনিবার দুপুরে নেপাল দূতাবাসের এক কর্মকর্তা তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছেন।’ দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তিনি জেনেছেন, ভিনদেশি একজনকে নেপাল দূতাবাসের লোকজন নিয়ে গেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা
জাতীয়

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলা…