…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রি জসিম উদ্দীন পাবনার খুদে পাঠক সম্মেলনে প্রধান অতিথি

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রি জসিম উদ্দীন পাবনার খুদে পাঠক সম্মেলনে প্রধান অতিথি
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে এক খুদে পাঠক সম্মেলনে প্রধান অতিথি করা হয়েছে কুষ্টিয়ার কাঠমিস্ত্রি জসিম উদ্দীনকে, যাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনা থেমে গিয়েছিল দ্বিতীয় শ্রেণিতেই।

শনিবার সকাল ১০টায় ইসলাহুল উম্মাহ একাডেমি ক্যাম্পাসের পাঠাগার প্রাঙ্গণে ইসলাহুল উম্মাহ উন্মুক্ত পাঠাগারের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দুই শতাধিক পাঠক, যারা সবাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

জসিম উদ্দীনের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি গ্রামে। শৈশবে দারিদ্র্য ও পারিবারিক প্রতিকূলতার কারণে দ্বিতীয় শ্রেণির পর তাঁর আর পড়াশোনার সুযোগ হয়নি। জীবিকার প্রয়োজনে তিনি কাঠমিস্ত্রির কাজ শুরু করেন।

কাঠমিস্ত্রির কাজ করে উপার্জিত অর্থের একটি অংশ দিয়ে বছরের পর বছর বই সংগ্রহ করেছেন জসিম উদ্দীন। ২০১৬ সালের দিকে নিজের বাড়ির আঙিনায় তিনি গড়ে তোলেন ‘খোকসা কমিউনিটি পাঠাগার’।

সেই পাঠাগারে এখন গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ের দুই হাজারের বেশি বই রয়েছে। শিশু-কিশোর, শিক্ষার্থী ও বইপ্রেমীদের জন্য পাঠাগারটি উন্মুক্ত।

কাজের ব্যস্ততার মধ্যেও পাঠাগারে সময় দেন জসিম উদ্দীন, শিশুদের বই পড়তে উৎসাহিত করেন এবং নতুন বই সংগ্রহের চেষ্টা চালিয়ে যান। তাঁর উদ্যোগে পাঠাগারে প্রতিদিন শিশুদের মিলনমেলা বসে বলে আয়োজকেরা জানান।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও কথাসাহিত্যিক এবং পাবনা সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ আখতার জামান। সভাপতিত্ব করেন ইসলাহুল উম্মাহ একাডেমির কো-চেয়ারম্যান মারুফ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাদ বিন আবদুর রউফ।

সম্মেলনে খুদে পাঠকেরা তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য দেয়। তারা বলে, বদ্ধ কক্ষের পরিবর্তে খোলা প্রাঙ্গণে গড়ে তোলা এই পাঠাগার তাদের কাছে বিশেষ আকর্ষণীয়। এখান থেকে যেকোনো সময় পছন্দের বই সংগ্রহ করে পড়া যায় এবং পাঠ্যবইয়ের বাইরেও শেখার সুযোগ তৈরি হয়েছে।

প্রধান আলোচক আখতার জামান বলেন, ধর্মীয় মূল্যবোধ ও বিজ্ঞানমনস্কতার সহাবস্থান এবং পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তপাঠের এমন আয়োজন ইসলাহুল উম্মাহ একাডেমিকে নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে স্বপ্ন বাস্তবায়নের কর্মশালায় পরিণত করবে। এমন ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত বলে জানান।

একাডেমির প্রধান শিক্ষক সৈয়দা ইসমাত আরা বলেন, ‘আমাদের কাছে জসিম উদ্দীন শুধু একজন কাঠমিস্ত্রি নন। তিনি স্বপ্ন নির্মাণের কারিগর, জ্ঞানচর্চার নীরব সাধক। তাঁর হাতে কাঠের আসবাব তৈরি হয়, আর তাঁর পাঠাগার আন্দোলনের মাধ্যমে তৈরি হচ্ছে আলোকিত সমাজ। শিশুদের সামনে এমন একজন মানুষকে সম্মানিত অতিথি হিসেবে তুলে ধরাও একটি শিক্ষা।’

সৈয়দা ইসমাত আরা আরও বলেন, শিশুকে প্রকৃত অর্থে জ্ঞানপিপাসু করে তুলতে হলে তার পাঠকে পাঠ্যবইয়ের মধ্যে আটকে রাখা যাবে না। পাঠ্যবই পরীক্ষার প্রস্তুতি দেয়; কিন্তু ইতিহাস, বিজ্ঞান, গল্প, কবিতা ও উপন্যাসের বিস্তৃত পাঠ একজন শিশুকে জীবন ও সমাজ বুঝতে শেখায়। সেই ভাবনা থেকেই উন্মুক্ত পরিসরে পাঠাগারটি গড়ে তোলা হয়েছে এবং এটি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও উন্মুক্ত।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন বলেন, পেশায় ক্ষুদ্র কাঠমিস্ত্রি হলেও শিশুদের নিয়ে তাঁর স্বপ্ন অনেক বড়। নতুন প্রজন্মকে বইয়ের জগতে যুক্ত রাখতে নিজের বাড়িতে পাঠাগার গড়ে তুলেছেন তিনি। এমন অনুষ্ঠানে অতিথি হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে বলে জানান তিনি।

জসিম উদ্দীন বলেন, ‘আমি বইয়ের মানুষ বলেই আজ সুদূর কুষ্টিয়া থেকে পাবনায় এসে শিশুদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি।’

সম্মেলনে ১০ জন খুদে পাঠককে সেরা পাঠক হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…