চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭
চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। তবে এ সময়ে জেলায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গোমস্তাপুরে তিনজন এবং শিবগঞ্জে দুজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে নাচোল ও ভোলাহাটে নতুন কোনো রোগী ভর্তির খবর পাওয়া যায়নি। জেলা হাসপাতাল থেকে একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
ছাড়পত্রের হিসাবে গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতাল থেকে তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে গোমস্তাপুরে দুজন ও নাচোলে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।
প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে চিকিৎসাধীন রোগীদের মধ্যে জেলা হাসপাতালে ৫৪ জন, গোমস্তাপুরে ১৮ জন, ভোলাহাটে সাতজন, শিবগঞ্জে পাঁচজন এবং নাচোলে তিনজন ভর্তি রয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
তিনি ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও পানির পাত্রসহ যেসব স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার কথা বলেন।
সিভিল সার্জন আরও বলেন, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাঁর ভাষ্য, ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।


