…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ, নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গত দুই দিনে নামফলক ভাঙচুর, নামসংবলিত ব্যানার টাঙানো, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি।

গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয় এবং নামফলক ভাঙচুর করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপনের দাবিতে তাঁরা সাত দিনের আল্টিমেটাম দেন।

একই সময়ে মন্দির গেটসংলগ্ন প্রধান সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তবে জেলাজুড়ে বিজিবি মোতায়েন করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর নিরাপত্তায় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন আনসার সদস্য দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছিল।

একই সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে নিরাপত্তাহীনতা ও একাডেমিক ক্ষতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বাড়ি যাওয়ার মুহূর্তে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, বর্তমান পরিস্থিতির কারণে তাঁদের পরীক্ষা স্থগিত হয়েছে এবং এতে অনেক ক্ষতি হবে।

রায়হান হাওলাদার বলেন, ‘আমাদেরও সিকিউরিটি ইস্যু আছে, তা আমাদের এখন বাসায় চলে যেতে হচ্ছে। যদি আমরা পরীক্ষাটা দিতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হইতো।’ তিনি বলেন, প্রশাসনও চাপে আছে এবং নিরাপত্তা নিয়ে দফায় দফায় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল আসছে।

ছাত্রদলের গোবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, গত কয়েক দিন ধরে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও চাপ প্রয়োগ করেও কার্যকর সাড়া পাননি। তিনি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তকে হঠকারী বলে মন্তব্য করেন।

ফারুক খন্দকার বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেই শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছাবে, এমন নিশ্চয়তা নেই। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এখনো সড়ক অবরোধ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর নিশ্চয়তা কে দেবে? আমরা এ সিদ্ধান্তের নিন্দা জানাই।’

ছাত্র গণমঞ্চের নিঘাত রৌদ্র বলেন, প্রশাসন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও সহায়তা পায়নি। পুলিশ ও বিজিবি কেউই সহায়তা করেনি এবং সেনাবাহিনীও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। তাঁর নিজেরও দুটি পরীক্ষা বাকি রয়েছে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা সেমিস্টার আটকে যাওয়াসহ নানা সমস্যায় পড়েছেন বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘শুধু আমাদের বিশ্ববিদ্যালয়েই নয়, গোটা গোপালগঞ্জেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছিলাম। তবে তারা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন করবে না বলে আমাদের জানিয়েছে।’

তিনি বলেন, গতকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাহিনীর সদস্য ক্যাম্পাসে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে গত ১৭ নভেম্বর থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…

শিক্ষা

পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বা…