খাবারের আগে এক গ্লাস পানি: ওজন কমাতে কতটা কাজ করে এই অভ্যাস, যা বলছে গবেষণা
ওজন কমানো এখন অনেকের কাছেই শুধু সুস্থ থাকার লক্ষ্য নয়, রীতিমতো আগ্রহের বিষয়। নিয়মিত শরীরচর্চা, খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ, ক্যালরি হিসাব কিংবা নানা ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করছেন অনেকে। তবে ওজন নিয়ন্ত্রণের এই যাত্রায় প্রতিদিনের একটি সাধারণ অভ্যাসও সহায়ক হতে পারে—খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করা।
শুনতে খুব সাধারণ মনে হলেও, খাবারের আগে পানি পান করার সঙ্গে ক্ষুধা নিয়ন্ত্রণ ও খাবারের পরিমাণ কমানোর সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে, খাবারের আগে পানি পান করলে পাকস্থলীতে সাময়িকভাবে কিছুটা জায়গা পূর্ণ হয়। ফলে খাবার খাওয়ার সময় দ্রুত পেট ভরা অনুভূতি তৈরি হতে পারে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমানো এবং দৈনিক ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে।
২০২৪ সালের ২৫ নভেম্বর জামা নেটওয়ার্ক ওপেন-এ প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনায় দৈনিক পানি পানের পরিমাণ পরিবর্তন করলে স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে, তা নিয়ে ১৮টি নিয়ন্ত্রিত গবেষণার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, কিছু গবেষণায় খাবারের আগে পানি পান করার সঙ্গে ওজন কমার ইতিবাচক সম্পর্ক রয়েছে। তবে গবেষকদের মতে, এ বিষয়ে প্রাপ্ত তথ্য ও গবেষণার সংখ্যা এখনো সীমিত।
২০০৯ সালে প্রকাশিত একটি গবেষণায় অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত ৪৮ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে ১২ সপ্তাহ ধরে পরীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীদের বয়স ছিল ৫৫ থেকে ৭৫ বছরের মধ্যে। তাঁদের এক দলকে ক্যালরি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রতিটি প্রধান খাবারের আগে ৫০০ মিলিলিটার পানি পান করতে বলা হয়। অন্য দলটি শুধু ক্যালরি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অনুসরণ করে। ফলাফলে দেখা যায়, পানি পান করা দলের ওজন কমার হার তুলনামূলক দলের চেয়ে ৪৪ শতাংশ বেশি ছিল। দুই দলের ওজন কমার পার্থক্য ছিল প্রায় দুই কেজি।
২০১৫ সালের আরেকটি নিয়ন্ত্রিত গবেষণায় স্থূলতায় আক্রান্ত ৮৪ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের এক দলকে প্রধান খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ৫০০ মিলিলিটার পানি পান করতে বলা হয়। ১২ সপ্তাহ পর দেখা যায়, অন্য দলের তুলনায় পানি পান করা দলের ওজন গড়ে ১ দশমিক ৩ কেজি বেশি কমেছে।
এর পেছনে অন্যতম কারণ হলো পেট ভরা অনুভূতি। খাবারের আগে পানি পান করলে পাকস্থলীতে কিছুটা জায়গা পূর্ণ হয়। ফলে খাবার খাওয়ার সময় তুলনামূলক দ্রুত তৃপ্তি আসতে পারে। এতে খাবারের পরিমাণ কমানোর সুযোগ তৈরি হয়। বিশেষ করে যাঁরা একবারে বেশি খাবার খেয়ে ফেলেন, তাঁদের ক্ষেত্রে এই অভ্যাস কিছুটা সহায়ক হতে পারে।
আরেকটি বিষয় হলো, পানি পান করলে চিনিযুক্ত পানীয় বা অতিরিক্ত ক্যালরিযুক্ত পানীয়ের পরিবর্তে কম ক্যালরির একটি বিকল্প বেছে নেওয়া হয়। ফলে দৈনিক ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণে রাখাও সহজ হতে পারে।
তবে মনে রাখতে হবে, পানি পান করলেই শরীরের জমে থাকা চর্বি গলে যায় না। এটি সরাসরি ফ্যাট বার্ন করে না কিংবা নিজে থেকেই ওজন কমিয়ে দেয় না। বরং ক্ষুধা ও খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করাই এর সম্ভাব্য উপকারিতা।
খাবার খাওয়ার প্রায় ২০ থেকে ৩০ মিনিট আগে পানি পান করার অভ্যাস দিয়ে শুরু করা যেতে পারে। গবেষণায় অনেক ক্ষেত্রে ৫০০ মিলিলিটার পানি ব্যবহার করা হয়েছে। তবে সবার জন্য একই পরিমাণ পানি পান করা জরুরি নয়। এক গ্লাস পানি দিয়ে শুরু করা যেতে পারে। নিজের শরীরের প্রয়োজন, আবহাওয়া ও দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ড অনুযায়ী পানি পানের পরিমাণ ঠিক করা উচিত।
পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে সুষম খাবার, পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমও গুরুত্বপূর্ণ। যাঁদের কিডনি, হৃদ্যন্ত্র বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে পানি বা তরল গ্রহণ সীমিত রাখতে হয়, তাঁদের এই অভ্যাস শুরু করার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলা প্রয়োজন। জোর করে অতিরিক্ত পানি পান করাও ঠিক নয়।



