…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

নভেম্বরে ডেঙ্গুতে মৃত ৯৭ জনের ৯৫ জনই শক সিনড্রোমে, বছরে মৃত্যু ছাড়াল ৫০০

নিজস্ব প্রতিবেদক
নভেম্বরে ডেঙ্গুতে মৃত ৯৭ জনের ৯৫ জনই শক সিনড্রোমে, বছরে মৃত্যু ছাড়াল ৫০০
ছবি: সংগৃহীত

চলতি নভেম্বর মাসে ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের প্রায় সবাই রোগটির জটিল পর্যায় ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। সরকারের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৭ জনের, তাঁদের মধ্যে ৯৫ জনই মারা গেছেন ডেঙ্গু শক সিনড্রোমে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও রোগতত্ত্ববিদেরা।

চলতি বছরের শুরু থেকে ২১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৫১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন থেকে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। ওই মাসে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ৯০৭ জন, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় প্রায় ৫৩ হাজার রোগী। মৃত্যুর হিসাবেও একই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়—জুনে ১৩ জনের পর জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবরে ১৭৪ জন মারা যায়।

চিকিৎসকেরা জানান, চিকিৎসা গ্রহণে দেরিসহ বিভিন্ন কারণে ডেঙ্গু রোগীর অবস্থা সাধারণ জ্বর থেকে গুরুতর জটিলতায় রূপ নিতে পারে। প্রচলিত শ্রেণিবিন্যাসে ডেঙ্গু ফিভার বা জ্বর, ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম—এই তিনটি পরিভাষা ব্যবহৃত হয়। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়া, রক্তক্ষরণের প্রবণতা এবং রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে গেলে রক্তসঞ্চালনে প্রয়োজনীয় তরল পদার্থের পরিমাণ কমে রক্তচাপ বিপজ্জনকভাবে নেমে যায়—একেই ডেঙ্গু শক সিনড্রোম বলা হয়। এ অবস্থায় শ্বাসকষ্ট, গুরুতর রক্তক্ষরণ এবং যকৃৎ, হৃদ্‌যন্ত্র বা মস্তিষ্কের মতো অঙ্গের গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত পাঁচ বছর বয়সী মাহিদাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিনই তার মৃত্যু হয়। কেরানীগঞ্জের বাসিন্দা এই শিশুর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা আব্দুর রহিম ৯ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির দিনই মারা যান। তাঁরও ডেঙ্গু শক সিনড্রোমে মৃত্যু হয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পর্যালোচনাতেও ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের মধ্যে গুরুতর জটিলতার উপস্থিতি উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া ১১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছে। এই রোগীদের মৃত্যু ঘটেছে বছরের শুরু থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত।

পর্যালোচনায় দেখা যায়, হাসপাতালে ভর্তির সময় এদের ৩৬ শতাংশের ডেঙ্গু শক সিনড্রোম, ২৬ শতাংশের এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম (ডেঙ্গুজনিত অস্বাভাবিক অঙ্গ-জটিলতা), ১৭ শতাংশের ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ১৮ শতাংশের ডেঙ্গু ফিভার শনাক্ত হয়েছিল। অন্য শ্রেণিতে ছিলেন ৪ জন। এই ১১৯ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে মূলত ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল, কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল এবং ঢাকার বেসরকারি আসগর আলী হাসপাতাল থেকে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকী বলেন, ‘ডেঙ্গুতে শক সিনড্রোমে আক্রান্ত রোগীর মৃত্যু বেশি হচ্ছে। এই অবস্থায় প্লাজমা লিকেজ হয়। এই জটিল অবস্থায় রোগীকে শুধু তরল পদার্থ দিলেই হয় না, পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসাও দিতে হয়।’

রোগতত্ত্ববিদদের মতে, জ্বর কমে যাওয়ার সময়ও ডেঙ্গু রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে। তাই জ্বর কমাকে সুস্থতার লক্ষণ ভাবা ঠিক নয়। তীব্র পেটব্যথা, বারবার বমি, অস্থিরতা, অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট, রক্তক্ষরণ হলে বা প্রস্রাব কমে গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও রোগতত্ত্ববিদ ডা. মুশতাক হোসেন বলেন, ‘এবার ডেঙ্গুতে দৃশ্যমান রক্তক্ষরণের চেয়ে শরীরের ভেতরে রক্তক্ষরণ এবং রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। শক সিনড্রোমে রক্তনালি থেকে তরল বেরিয়ে রক্তচাপ কমে যায়, আর হেমোরেজিক ফিভারে রক্তক্ষরণ হতে পারে। দুটিই গুরুতর জটিলতা। তবে শক সিনড্রোমের লক্ষণ অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। ফলে রোগী ও স্বজনেরা বিপদ বুঝতে দেরি করেন। দ্রুত শনাক্ত এবং চিকিৎসা না হলে দুই ধরনের জটিলতাই প্রাণঘাতী হতে পারে।’

ডেঙ্গুতে মৃত্যুর পেছনে চিকিৎসা নিতে দেরি করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইইডিসিআরের পর্যালোচনায় দেখা গেছে, উপসর্গ দেখা দেওয়ার পর থেকে হাসপাতালে যাওয়ার মধ্যবর্তী সময়ের গড় ছিল তিন দিন। ৮৩ জনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫৬ জন (৬৮ শতাংশ) উপসর্গ দেখা দেওয়ার তিন দিনের বেশি সময় পর চিকিৎসা নিয়েছেন। পর্যালোচনায় আরও দেখা গেছে, হাসপাতালে ভর্তির আগে ৩৫ শতাংশ রোগী ব্যথানাশক ওষুধ, ৩৩ শতাংশ অ্যান্টিবায়োটিক এবং ৮ শতাংশ স্টেরয়েড সেবন করেছিলেন। বিশেষজ্ঞরা ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ দেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পরও অনেক রোগীকে বাঁচানো যাচ্ছে না। পর্যালোচনায় দেখা গেছে, হাসপাতালে ভর্তির পর রোগীদের অবস্থানের গড় সময় ছিল মাত্র দুই দিন। ১১৩ জনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪৩ জন (৩৮ শতাংশ) ভর্তির দিন অথবা পরদিনই মারা গেছে। চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতাও উঠে এসেছে পর্যালোচনায়—৭৩ জনের তথ্য বিশ্লেষণে ১২ শতাংশের ক্ষেত্রে রোগের শ্রেণিবিন্যাসে ভুল বা বিলম্ব, ৭৯ জনের মধ্যে ১১ শতাংশের ক্ষেত্রে পর্যাপ্ত বা সময়মতো তরল না দেওয়া এবং ৭২ জনের মধ্যে ১০ শতাংশের ক্ষেত্রে রক্তসঞ্চালনে বিলম্বের তথ্য পাওয়া গেছে।

পর্যালোচনায় লিঙ্গভিত্তিক তথ্য পাওয়া ১১৭ জনের মধ্যে ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ। বসবাসের তথ্য পাওয়া ৮৯ জনের মধ্যে ৫৫ শতাংশ গ্রামীণ এলাকার এবং ৪৫ শতাংশ শহরাঞ্চলের বাসিন্দা। বিশেষজ্ঞদের মতে, গ্রামাঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অনেক গ্রামীণ এলাকাতেই মশা নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ এবং রোগীকে দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার সুযোগ সীমিত।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ বলেন, ‘ডেঙ্গু রোগীর জ্বর কমে গেলেও ঝুঁকি শেষ হয় না। তাই সতর্ক থাকতে হবে এবং বিপদের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। উপজেলা থেকে জেলা, বিভাগ ও রাজধানী পর্যন্ত চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা রয়েছে। কোথাও কোনো ঘাটতি নেই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা
স্বাস্থ্য

হৃদরোগীদের দীর্ঘ ঘুমে মৃত্যুঝুঁকি বেশি: ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমে ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, বলছে গবেষণা

হৃদরোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা প্রতি রাতে নয় ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি সাত থেকে আট ঘণ্টা ঘুমানোদের তুলনায় বেশি হতে পা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে।…

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
স্বাস্থ্য

পিরিয়ডে যে সাত ধরনের পরিবর্তন দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার ক…

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ, এ বছরই ভর্তির চিন্তা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিন…