…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কপ৩১-এ উপকূলের মানুষের কথা বললেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক
কপ৩১-এ উপকূলের মানুষের কথা বললেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সোহেল রানা
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন কারও কাছে তাপমাত্রা বৃদ্ধির পরিসংখ্যান, কারও কাছে নীতিনির্ধারণী আলোচনার বিষয়। তবে বাংলাদেশের উপকূলীয় মানুষের কাছে এর অর্থ ঘূর্ণিঝড়ে ঘর হারানো, নদীভাঙনে বসতভিটা বিলীন হওয়া, কৃষিজমিতে লবণাক্ততা ছড়িয়ে পড়া কিংবা সুপেয় পানির জন্য সংগ্রাম। এসব বাস্তবতা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবক সোহেল রানা।

৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে তাঁর অংশগ্রহণ স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। উপকূলের মানুষের জীবনসংগ্রামের কথা তিনি সরাসরি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থেকে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখেছেন সোহেল। বিশেষ করে বরিশাল অঞ্চলের মান্তা ও ভাসমান জনগোষ্ঠীর জীবন তাঁকে ভাবিয়েছে।

অনিশ্চিত আবাসন, দারিদ্র্য ও জীবিকার চাপের কারণে এসব জনগোষ্ঠীর অনেক শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু বসতভিটা হারানোয় সীমাবদ্ধ নয়; এটি মানুষের আয়, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎকেও অনিশ্চিত করে তোলে।

২০২৩ সাল থেকে ভলান্টিয়ার ফর বাংলাদেশে (ভিবিডি) যুক্ত সোহেল। ২০২৬ সালের জুনে সংগঠনটির বরিশাল সিটি করপোরেশন বোর্ডের সভাপতি নির্বাচিত হন তিনি।

শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্য সচেতনতা, রক্তদানসহ বিভিন্ন উদ্যোগে কাজ করছেন তিনি। তাঁর সম্পৃক্ততায় ৫০০-এর বেশি স্বেচ্ছাসেবী এবং ১০টির বেশি প্রকল্প ও উদ্যোগে কাজের অভিজ্ঞতা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে ৬ শতাধিক মানুষের কাছে সহায়তা পৌঁছেছে।

মান্তা ও ভাসমান জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছেন সোহেল। শিক্ষা উপকরণ সরবরাহ, শেখার সেশন আয়োজন এবং অভিভাবকদের সম্পৃক্ত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়তে চান তিনি।

এ লক্ষ্য বাস্তবায়নে শিখাইয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। সোহেলের মতে, আন্তর্জাতিক অঙ্গীকারের পাশাপাশি জলবায়ু সহায়তা সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, স্থানীয় জনগোষ্ঠীর মতামত নীতিনির্ধারণে প্রতিফলিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।

তরুণদের গবেষণা, নীতিনির্ধারণী আলোচনা এবং স্থানীয় উদ্যোগে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বিশ্বাস, আন্তর্জাতিক অভিজ্ঞতাকে স্থানীয় মানুষের প্রয়োজনে কাজে লাগাতে পারলেই জলবায়ু মোকাবিলার প্রচেষ্টা অর্থবহ হবে।

উপকূলের মানুষের অধিকার, মান্তা শিশুদের শিক্ষা এবং জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন তুলে ধরাই তাঁর এই যাত্রার মূল প্রত্যাশা বলে জানিয়েছেন সোহেল রানা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মারধরের ঘটনার জেরে ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মারধরের ঘটনার জেরে ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। এর জেরে শনিবার (২১ নভেম্বর) পৃথক দুটি প্র…

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …

শিক্ষা

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী, বিশ্বসেরা ৩২ জন

বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’। পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দেওয়া এ…