ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রতিনিধিরা, খসড়া চূড়ান্ত

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এ ছাড়া পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা হচ্ছে। ব্যাংক খাতে সুশাসন ফেরানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক মিলে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছিল, তার বেশির ভাগ সুপারিশই এবারের খসড়ায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীরা অযোগ্য হবেন। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করতে এমন প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী ও এমপিদের থাকার বিষয়ে বিদ্যমান আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে মন্ত্রীদের ক্ষেত্রে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের বিধিনিষেধ রয়েছে। এই অনুচ্ছেদের (৩) উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রিসভার কোনো সদস্য লাভজনক পদে থাকতে পারবেন না এবং মুনাফা বা লাভের উদ্দেশ্যে পরিচালিত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনায় অংশ নিতে পারবেন না।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো বলে মনে করেন তিনি।
ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমাতে তাঁদের সংখ্যা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এক পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে এক ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। এ ছাড়া একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ দুজনের জায়গায় একজন করার প্রস্তাব করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ, বেক্সিমকো, প্রিমিয়ার গ্রুপ, সিকদার গ্রুপসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের পাশাপাশি স্ত্রী বা স্বামী, ছেলে-মেয়ে, জামাতা ও নিকটাত্মীয়দের ব্যাংকের পরিচালনা পর্ষদে বসাতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। একসময় তা ৬ বছরই ছিল। ২০১৮ সালের সংশোধনীতে তা বাড়িয়ে ৯ বছর করা হয়। ২০২৩ সালে তা আরও বাড়িয়ে করা হয় ১২ বছর। এবার আবার ৬ বছর করার প্রস্তাব করে বলা হয়েছে, কোনো পরিচালক একটানা ৬ বছর দায়িত্ব পালনের পর পরবর্তী ৩ বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এ বিষয়ে বিএবি চেয়ারম্যান বলেন, তাঁরা ৯ বছরের কথা বলেছিলেন, ৬ বছরের সিদ্ধান্ত এসেছে, তাঁরা মেনে নিয়েছেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়বে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। পর্ষদের সদস্যসংখ্যা ২০ জনের কম হলে বর্তমানে দুজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক, প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থাকার বিষয়টিও স্পষ্ট করার প্রস্তাব রয়েছে। ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্টতা থাকলে কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বিবেচনা না করার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।
ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে ব্যাংক খাতের স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীর ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান আনার প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, পরিচালকের পদ শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকবে না। এ ছাড়া কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না, তবে এই সময়ের বেশি অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার পাবেন।
কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে বাংলাদেশ ব্যাংক সেই পর্ষদ বাতিল করতে পারে। নতুন প্রস্তাবে বাংলাদেশ ব্যাংক নিজের মতো করে পর্ষদ সাজাতে পারবে এবং পর্ষদের মেয়াদ প্রয়োজন অনুযায়ী কমাতে বা বাড়াতে পারবে, তবে পর্ষদের মেয়াদ তিন বছরের বেশি হবে না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তবে তাঁর মতে, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে ৫০ শতাংশ করা উচিত, বৈশ্বিক চর্চা এটাই। কৌশলগত বিনিয়োগকারীর জন্য আরও সুযোগ দেওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।



