শিশু-কিশোরের বিষণ্ণতা ধরা পড়ে খিটখিটে মেজাজে, অবাধ্যতা ভেবে ভুল করেন অভিভাবকেরা: মনোবিদ রাহেনুল ইসলাম

শিশু-কিশোরদের বিষণ্ণতা সব সময় শুধু মন খারাপ দিয়ে প্রকাশিত হয় না; বরং তাদের মেজাজ খিটখিটে হয়ে ওঠে। অভিভাবকেরা অনেক সময় এটিকে ‘অবাধ্যতা’ বা ‘বেয়াদবি’ হিসেবে ধরে নেন। কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম এক পরামর্শ সভায় এ কথা বলেছেন।
প্রথম আলো ট্রাস্টের আয়োজন ‘বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা’র আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন ডা. রাহেনুল ইসলাম। এবারের বিষয় ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা’।
ডা. রাহেনুল ইসলাম বলেন, বড়দের ক্ষেত্রে ডিপ্রেশনের লক্ষণ একরকম হলেও বাচ্চাদের ক্ষেত্রে বিষণ্ণতার প্রকাশ ভিন্ন হতে পারে। মেজাজ খিটখিটে হয়ে ওঠাই তাদের ক্ষেত্রে একটি প্রকাশ।
তিনি বলেন, আমাদের সমাজে ডিপ্রেশনের কথা সরাসরি বলা হয় না; মানুষ এটিকে শারীরিক ভাষায় প্রকাশ করে—যেমন মাথাব্যথা, হাত-পা জ্বালাপোড়া বা ক্ষুধামন্দা।
এ ধরনের অবস্থার পেছনে সাইবার বুলিং কিংবা শিক্ষক-সহপাঠীদের মাধ্যমে বুলিংয়ের মতো বড় বিষয়ও থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তাই আগে থেকেই কোনো লেবেল সেঁটে না দিয়ে শিশুর সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখা এবং মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা দরকার বলে পরামর্শ দেন ডা. রাহেনুল ইসলাম।



