মতিঝিল-কমলাপুর মেট্রোরেল আবার পিছল: যাত্রী পরিবহনের নতুন লক্ষ্য ২০২৭ সালের জুলাই
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজে ধীরগতির কারণে এই অংশের উদ্বোধনের সময়সূচি আরও এক দফা পিছিয়েছে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই মাসে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরুর নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্তমানে সচল থাকা এমআরটি লাইন-৬-এর দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার।
এর সঙ্গে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার এবং মোট স্টেশন দাঁড়াবে ১৭টিতে।
ডিএমটিসিএলের পরিসংখ্যান বলছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪ দশমিক ৮৫ শতাংশ শেষ হয়েছে। একই সময় পর্যন্ত ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ শেষ হয়েছে ৫৮ শতাংশ।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো ও স্থাপত্য-সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
ইতোমধ্যে উড়ালপথ বা ভায়াডাক্টের নির্মাণ শেষে রেল ট্র্যাক বসানোর জন্য তা ঠিকাদারি প্রতিষ্ঠানকে হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামো নির্মাণের পর এখন অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক-যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও নির্গমনের পথ তৈরির কাজ চলছে।
তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই তাৎক্ষণিকভাবে যাত্রী পরিবহন শুরু করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাণিজ্যিক চলাচলের আগে রেলপথ, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর পুরোপুরি সচল করতে হবে।
এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সামগ্রিক নিরাপত্তা যাচাই করা হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চূড়ান্ত উদ্বোধনের সময়সীমা নির্ভর করছে।
কাজের মন্থর গতির কারণে মতিঝিল-কমলাপুর অংশের উদ্বোধনের সম্ভাব্য তারিখ এর আগেও কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। শুরুতে ২০২৭ সালের ১ জানুয়ারি এই অংশ চালুর কথা বলা হলেও পরে তা এপ্রিল-মে মাসে সরিয়ে নেওয়া হয়।
সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সূচি আরও পিছিয়ে ২০২৭ সালের জুলাইয়ে নির্ধারণ করা হলো।

