শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে যাতে নতুন বিভাগ খোলা না হয়, সেই আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে কোনো বিভাগ খোলা উচিত নয়।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান। সেমিনারের শিরোনাম ছিল ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় নিতে হবে। কেবল বিভাগ খোলার জন্য খুললে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এহছানুল হক মিলন বলেন, ‘আমি শুধু এটুকু বলব, বেকারত্বের কারখানা বানাবেন না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না...শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।’
বিশ্ববিদ্যালয়গুলোকে এমন বিষয়ে শিক্ষার্থী তৈরি করতে হবে, যাতে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ রয়েছে—এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু নতুন বিভাগ খোলার দিকে মনোযোগী না হয়ে বিদ্যমান বিভাগগুলোর মান, গবেষণা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন এহছানুল হক মিলন।
যেসব বিভাগের বাস্তবে প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমান শ্রমবাজারে যেসব বিষয়ের চাহিদা নেই, সেসব বিষয়ে নতুন বিভাগ খোলার অনুমতি দেওয়া উচিত নয়। এ জন্য ইউজিসিকে সতর্ক থাকতে হবে।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিদ্যমান শিক্ষকসংকটের বিষয়টিও তুলে ধরেন এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়েই শিক্ষকের ঘাটতি রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো সম্প্রসারণ করা যাচ্ছে না। জনবল চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।




