ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে, অপ্রাপ্তবয়স্ক একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। একই ঘটনায় আটক আরেক শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন শিশু আদালত-২ অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী মো. শিখন হোসেনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী শিখন হোসেনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এসব আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মধ্যবর্তী স্থানে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে ঘটনাস্থলে জড়ো হন।
পরে কলেজের কয়েকজন শিক্ষার্থী তিনজনকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তাঁদের প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের হাত থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনের সঙ্গে যোগসাজশে আটক ব্যক্তিরা কলেজ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং তাঁদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতিসাধনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।




