১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে অবিলম্বে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে এই কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন এবং আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন।
আদেশের পাশাপাশি আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। রুলে ১৬ বছর কিংবা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা তৈরি ও শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিরূপণের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে হবে।
আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশা দেখা যাচ্ছে এবং এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের বরাত দেওয়া হয়েছে। সেই গবেষণা অনুযায়ী ঢাকার প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনেরও বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ, প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমা অতিক্রম করছে।
গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। গবেষকদের তথ্যমতে, এদের এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় আক্রান্ত এবং ৮০ শতাংশ শিশুরই প্রায়ই মাথাব্যথা হয়।
গবেষণায় আরও উঠে এসেছে, প্রতিদিন দুই ঘণ্টার অধিক সময় স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে, এবং দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।



