‘বাংলাদেশের মতো ছোট দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই’: ফিনএক্স কানেক্টে ব্যাংকারদের মত
আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত 'বিকাশ প্রেজেন্টস ফিনএক্স কানেক্ট ২০২৬'-এ দেশের আর্থিক সেবা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট খাতের শীর্ষ নির্বাহীরা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে আইবিএ অ্যালামনাই ক্লাবে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ ব্যাংকার, ফিনটেক ও করপোরেট নির্বাহী, শিক্ষাবিদ, আইবিএর সাবেক শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনে ছিল ফায়ারসাইড চ্যাট, প্যানেল আলোচনা ও নেটওয়ার্কিং। দেশের আর্থিক খাতে চলমান পরিবর্তন নিয়ে নীতিগত দৃষ্টিভঙ্গি, শিল্প খাতের অভিজ্ঞতা ও একাডেমিক বিশ্লেষণ এক মঞ্চে উঠে আসে এই আয়োজনে।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল 'Navigating Market Crossroads & Driving Growth' শীর্ষক ফায়ারসাইড চ্যাট। এটি সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা কাজী এম আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবিব; ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন; ব্যাংকিং পরামর্শক ও ব্র্যাক ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন বাংলাদেশ)-এর সিনিয়র পার্টনার আদীব হোসেন খান, এফসিএ।
অধিবেশনে সেলিম আর এফ হোসেন বলেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ফিলিপাইন ব্যাংকের সংখ্যা কমিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেরও তা করা উচিত এবং দীর্ঘ সময় ধরে এই বোঝা বহন করা ঠিক হবে না। তবে এর সামাজিক প্রভাব থাকতে পারে বলেও তিনি স্বীকার করেন। তাঁর মতে, ব্যাংক খাত ঠিক করতে দুই থেকে তিন প্রজন্ম লেগে যেতে পারে।
অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন বলেন, ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতির দায় পর্ষদগুলোকেও নিতে হবে। 'কেউ ঠিক প্রশ্নটি করেনি,' বলেন তিনি। তিনি আরও বলেন, বছরের পর বছর কাঠামোগত ব্যর্থতার কারণে বিতরণ করা প্রতি তিন টাকার প্রায় এক টাকা আর ফেরত আসেনি।
আদীব হোসেন খান বলেন, সংকটের দায় শুধু নিরীক্ষকদের ওপর চাপানো যায় না। নিরীক্ষাকে প্রতিরক্ষার চতুর্থ বা পঞ্চম স্তর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ মূল ভিত্তিই ভেঙে পড়েছিল। অনেক ব্যাংক লেনদেনের রেকর্ডও মুছে ফেলেছে বলে তিনি জানান।
বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, 'আর্থিক খাতে টেকসই স্থিতিশীলতা ফেরাতে হলে শুধু সাময়িক সংস্কার নয়, বরং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রকৃত অর্থনীতিতে ঋণ প্রবাহের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।'
ফায়ারসাইড চ্যাটের পর 'Finance Rewired – The Future of Financial Services' শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেলিস্ট হিসেবে ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা; বিকাশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।
প্যানেলিস্টরা বলেন, ডিজিটাল আর্থিক সেবায় ভোক্তা সুরক্ষা ও সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে হবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃসংযোগ বাড়াতে হবে। আরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তার কাছে পৌঁছাতে ঋণপ্রক্রিয়া সহজ করা এবং গ্রাহকের লেনদেনের ইতিহাসের ভিত্তিতে ঋণ দেওয়ার আহ্বান জানান তাঁরা। ছোট ব্যবসায়ীদের কাছ থেকে কীভাবে কর আদায় হবে, তা নিয়ে অনিশ্চয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'আইবিএ অ্যালামনাই ক্লাব এবারই প্রথমবারের মতো এমন একটি আয়োজন করেছে। দেশের আর্থিক খাত নিয়ে বিশেষজ্ঞরা যে খোলামেলা ও প্রাণবন্ত আলোচনা করেছেন, তা নিশ্চয়ই জাতিকে পথ দেখাবে।' তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম, যা 'রিকানেক্ট, এনগেজ, গ্রো' মূলমন্ত্র নিয়ে কাজ করে। অনুষ্ঠানটির মূল পৃষ্ঠপোষক ছিল বিকাশ। সহযোগিতায় ছিল মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, বার্জার, আইপিডিসি ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। আনুষ্ঠানিক পর্ব শেষে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁ সংগীত পরিবেশন করে এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


