শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের তাগিদ রাষ্ট্রপতির
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে।
তিনি বলেন, বেকারত্ব বাড়ায় এমন শিক্ষার পরিবর্তে বাস্তব চাহিদাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাংকিংয়ে উন্নতির পাশাপাশি শ্রমবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
এ সময় প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণার অগ্রগতি সম্পর্কে অবহিত করে।


