মজুরি বোর্ডই পোশাকশ্রমিকদের ন্যায্য বেতন নির্ধারণ করবে: মাহদী আমিন
মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য বেতন নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে বলে মন্তব্য করেন মাহদী আমিন। তিনি বলেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।
গার্মেন্টস সেক্টরের চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতিকে মেরামতের কাজ শুরু করেছে। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশসহ প্রায় সব দেশেই জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে বলে জানান তিনি।
মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে দেশে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে অর্থাৎ প্রতি পাঁচ বছর পরপর গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি করা হতো। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা রেখে উপদেষ্টা বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
তৈরি পোশাক খাতকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে মাহদী আমিন বলেন, শ্রমিকদের ত্যাগ, ঘাম ও শ্রমের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ আজ সারাবিশ্বে দেশের প্রতিনিধিত্ব করছে। সরকার চায় দেশে আরও বেশি কলকারখানা গড়ে উঠুক এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ প্রত্যেক শ্রমিকের মৌলিক চাহিদা ও অধিকার। এই অধিকার সুরক্ষিত করা সরকার, মালিকপক্ষ এবং বৃহত্তর সমাজের একটি সম্মিলিত দায়িত্ব। সরকারের দায়িত্ব কেবল অধিক কর্মসংস্থান সৃষ্টি করা নয়, বরং শ্রমিকরা যেন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।
জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সরকারের কর্মপরিকল্পনার অন্যতম প্রধান অগ্রাধিকারমূলক ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ও পরিচালন সক্ষমতা বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে কাজ করার এবং প্রতিরোধ, সচেতনতা, প্রশিক্ষণ ও নিরবচ্ছিন্ন উন্নয়নের ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।
বর্তমান সরকারের শ্রমবান্ধব অঙ্গীকারের প্রেক্ষাপট তুলে ধরে মাহদী আমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের গুরুত্ব অনুধাবন করে আজকের তৈরি পোশাক শিল্পের মূল ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রম আইন ও শ্রমিকদের কল্যাণকে এগিয়ে নেন। ২০০৬ সালে বিএনপি সরকারের আমলেই শ্রম আইন প্রণয়ন এবং ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে তিনি স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষা কেন্দ্রবিন্দুতে রয়েছে বলেও জানান তিনি।
বিগত বছরগুলোতে বাংলাদেশের শ্রম নীতিমালায় আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে সহায়তার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেন তিনি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম খান প্রমুখ।


