…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রিটের পক্ষ না হলে অন্যের রায়ের সুবিধা চেয়ে অবমাননা মামলা নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

বন বিভাগের একটি প্রকল্পে কর্মরত সাবেক এক কর্মীকে রাজস্ব খাতে আত্মীকরণ ও নিয়োগ না দেওয়ার অভিযোগে করা আদালত অবমাননার মামলা খারিজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রায়ে আদালত বলেছেন, কোনো মামলার পক্ষ না হয়েও সমগোত্রীয় ব্যক্তি সব ক্ষেত্রে ওই মামলার রায়ের সুবিধা দাবি করতে পারবেন না। বিশেষ করে কোনো রায় যদি কেবল মামলার পক্ষগুলোর জন্যই প্রযোজ্য হয়, তাহলে অন্য কেউ সেই রায় বাস্তবায়নের দাবি তুলে আদালত অবমাননার মামলা করতে পারবেন না।

রোববার, ২২ নভেম্বর, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ ২০২৫ সালে জারি করা আদালত অবমাননার রুল নিষ্পত্তি করে এই রায় দেন।

বিবাদীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার মো. কাওছার ও মো. সুমন রাহাত।

মামলার বিবরণ অনুযায়ী, আবেদনকারী মো. জাহাঙ্গীর আলম ২০০১ সালে বন অধিদপ্তরের সুন্দরবন বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্পে সহকারী বন সংরক্ষক হিসেবে যোগ দেন। ২০০৫ সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়।

পরে ওই প্রকল্পের নয়জন কর্মচারী রাজস্ব খাতে আত্মীকরণের নির্দেশনা চেয়ে ২০১৩ সালে হাইকোর্টে রিট করেন। ২০১৪ সালে হাইকোর্ট তাঁদের রাজস্ব খাতে আত্মীকরণের নির্দেশ দেন। পরে আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নয়জনকে রাজস্ব খাতে নিয়োগ দেয়।

তবে ওই রিট মামলার পক্ষ না হয়েও একই রায়ের আলোকে নিজেকে রাজস্ব খাতে সহকারী বন সংরক্ষক পদে আত্মীকরণের জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আবেদন করেন জাহাঙ্গীর আলম। কর্তৃপক্ষ বিদ্যমান আইন ও বিধিবিধান বিবেচনায় তাঁকে ওই রায়ের আওতায় নিয়োগ দিতে অপারগতা জানায়।

এরপর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক ও বন সংরক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন তিনি।

এই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি মামলার সিদ্ধান্তের আলোকে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছিলেন। তবে চূড়ান্ত শুনানি শেষে আদালত রুলটি খারিজ করে দেন।

রায়ে আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত বলেন, সর্বজনীন রায় কিংবা সরকারের নীতিগত সিদ্ধান্তসংক্রান্ত কোনো রায় বা আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার পক্ষ না হয়েও সমগোত্রীয় ব্যক্তি আদালত অবমাননার মামলা করতে পারেন। কিন্তু কোনো রায় যদি কেবল ওই মামলার পক্ষগুলোর জন্য প্রযোজ্য হয়, তাহলে অন্য কেউ সমপর্যায়ের অবস্থানে থাকলেও সেই রায় বাস্তবায়নের দাবিতে আদালত অবমাননার মামলা করতে পারবেন না।

আদালত আরও বলেন, কোনো মামলার বাদীদের পক্ষে দেওয়া রায়ের সুবিধা নেওয়ার জন্য দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা বা অপেক্ষায় থাকা কোনো ব্যক্তি পরে আদালত অবমাননার মামলা করতে পারবেন না। মামলা দায়েরে বিলম্ব ও আবেদনের অস্বচ্ছতা ন্যায়সংগত প্রতিকার পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে।

রায়ে আরও বলা হয়, আদালত অবমাননার অভিযোগের বিষয়টি যদি যথাযথ বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তির প্রয়োজন হয়, তাহলে এ ধরনের মামলার মাধ্যমে সেই প্রতিকার পাওয়া যাবে না। আদালত অবমাননার মামলায় মূল অভিযোগের বাইরে কোনো মৌলিক প্রতিকার দেওয়ার সুযোগ নেই।

আদালত বলেন, কাউকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করতে হলে আদালতের নির্দিষ্ট রায় বা আদেশ লঙ্ঘনের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে।

আদালত মনে করেন, আদালত অবমাননার মামলার মাধ্যমে নতুন করে মৌলিক প্রতিকার দেওয়ার সুযোগ তৈরি হলে বিচারিক প্রক্রিয়ায় অসংখ্য নতুন দাবি উত্থাপনের পথ খুলে যাবে, যা কাম্য নয়।

আইনজীবীদের মতে, আদালত অবমাননার মামলা দায়েরের এখতিয়ার, রায়ের সুবিধা ভোগের অধিকার এবং আদালতের আদেশ অমান্যের দায় নির্ধারণের ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে কোনো মামলায় পক্ষ না থাকা ব্যক্তিরা কখন অন্যের রায়ের সুবিধা দাবি করতে পারবেন, সে বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ভবিষ্যতের বিচারিক কার্যক্রমে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…