নতুন ‘হোম অ্যালোন’ সিকুয়েলে কেভিন হয়েই ফিরছেন ম্যাকলে কালকিন, গল্পও তাঁর নিজের
নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সিনেমায় আবারও কেভিন চরিত্রে দেখা যাবে ম্যাকলে কালকিনকে।
১৯৯০ ও ১৯৯২ সালের মূল দুই সিনেমায় কেভিন চরিত্রে অভিনয় করেছিলেন কালকিন। এবারের সিকুয়েলের গল্পটিও তাঁর নিজের তৈরি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কালকিনের প্রস্তাবিত গল্পে বড় হয়ে ওঠা কেভিনের পরের জীবন উঠে আসবে। বাস্তব জীবনে নিজে বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে তিনি গল্পটি সাজিয়েছেন একজন বাবার দৃষ্টিকোণ থেকে।
এই গল্পে কেভিন একজন বিপত্নীক বা বিবাহবিচ্ছিন্ন বাবা, যিনি একাই সন্তানকে বড় করছেন। একপর্যায়ে কেভিন নিজের বাড়ির বাইরে আটকে পড়বেন, আর তাঁকে ঢুকতে না দিতে ভেতর থেকে একের পর এক ফাঁদ পাতবে তাঁর ছেলে। অর্থাৎ মূল সিনেমার গল্প এবার উল্টোভাবে ফিরে আসবে।
মূল সিনেমায় বড়দিনের ছুটিতে পরিবারের সবাই প্যারিসে যাওয়ার সময় ভুল করে ছোট্ট কেভিনকে বাড়িতে ফেলে যায়। ফাঁকা বাড়িতে ঢুকে পড়া দুই চোরকে সে নানা ফাঁদে ফেলে নাস্তানাবুদ করে।
জন হিউজের চিত্রনাট্য ও ক্রিস কলম্বাসের পরিচালনায় ১৯৯০ সালে মুক্তি পায় প্রথম ‘হোম অ্যালোন’। মাত্র ৯ বছর বয়সে কেভিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান কালকিন। ১৯৯২ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। প্রথম দুটি সিনেমা বিশ্বজুড়ে ৮৩ কোটি ডলারের বেশি আয় করেছিল।
এরপর কালকিনকে ছাড়াই ফ্র্যাঞ্চাইজিটির আরও কয়েকটি কিস্তি নির্মিত হয়। এর মধ্যে রয়েছে ১৯৯৭ সালের ‘হোম অ্যালোন ৩’, ২০০২ সালের ‘হোম অ্যালোন ৪’, ২০১২ সালের ‘হোম অ্যালোন: দ্য হলিডে হেইস্ট’ এবং ২০২১ সালের ‘হোম সুইট হোম অ্যালোন’। তবে প্রথম দুই সিনেমার মতো জনপ্রিয়তা আর কোনোটিই পায়নি।
দীর্ঘ বিরতির পর কালকিনের প্রত্যাবর্তন ঘিরে ‘হোম অ্যালোন’-এর ভক্তদের মধ্যে আবারও উচ্ছ্বাস দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


