…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জিডিপিতে এসএমইর অবদান ৩৫ শতাংশে নেওয়ার লক্ষ্য, ২৫ লাখ নতুন কর্মসংস্থানের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেট) হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ নীতিমালার মূল লক্ষ্য।’ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথাও জানান তিনি। এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।

সরকার আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আগামী চার বছরে দেশে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উৎপাদন ও বিকাশের কোনো বিকল্প নেই। এ কারণে এসএমই খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম বলে তিনি উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালিসহ বিশ্বের অনেক দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে এসএমই খাতের উৎপাদন ও সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যাকে এ খাতের বিকাশের পথে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার ইতোমধ্যে এসব প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পসহ নতুন নতুন খাতের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে।

ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোনো কোনো এলাকায় চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস উৎপাদন হয়। এভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বিদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন কিংবা প্যারিসের মতো শহরে সরকারি উদ্যোগে এ ধরনের মেলার আয়োজন করা যেতে পারে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে তাঁদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং অনেকেই পণ্যের অর্ডার দিতে চেয়েছেন। কিন্তু অর্ডার গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সে সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিকভাবে অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা সেখানেই থাকে।

আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা
জাতীয়

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলা…